সিলিন্ডার বিস্ফোরণের পর বিপিসির ডিপোতে আগুন
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলপিজি গ্যাসের উত্তরাঞ্চলের ডিপোতে গতকাল শনিবার সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন লেগে যায়। এ সময় পদ্মা অয়েল কোম্পানির গ্যাসভর্তি প্রায় ৩০০ সিলিন্ডার বিস্ফোরিত হয় ও তিনটি ট্রাক পুড়ে যায়।
বগুড়া শহরতলির বনানী লিচুতলা এলাকায় বিপিসির আঞ্চলিক ডিপোতে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ডিপো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে বিপিসির বগুড়া আঞ্চলিক ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৪ জেলার ৫৫০ জন পরিবেশক ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাস সরবরাহ করে। এসব গ্যাস সিলেটের রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস ফিল্ড থেকে বোতলজাত হয়ে সিলিন্ডারের মাধ্যমে বগুড়া আঞ্চলিক ডিপোতে আসে।
গতকাল সিলেট থেকে তিনটি ট্রাকে করে ৮৭৮টি গ্যাসভর্তি সিলিন্ডার বগুড়ার বিপিসির ডিপোতে আসে। দুটি ট্রাকে ছিল মেঘনা পেট্রোলিয়ামের ৫০০টি সিলিন্ডার। সেগুলো নামানো হয়ে গিয়েছিল। আরেকটি ট্রাকে পদ্মা অয়েলের ৩৭৮টি সিলিন্ডার ছিল। এগুলো নামানোর সময়ই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি বলেন, সিলিন্ডার নামানোর সময় কোনো কোনো সিলিন্ডারের মুখ থেকে গ্যাস বের হচ্ছিল। এ সময় দুটি সিলিন্ডারের ঘর্ষণ লাগলে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়লে বিকট শব্দে একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকে। তখন আগুনে গ্যাসভর্তি প্রায় ৩০০ সিলিন্ডার ও তিনটি ট্রাক পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় মালামাল ওঠানো-নামানোর কাজে নিযুক্ত মিলন নামের এক কর্মী আহত হন। আরেক কর্মী ইয়াসমিন আলী বলেন, ‘আমরা সাত-আটজন ট্রাক থেকে সিলিন্ডার নামাচ্ছিলাম। হঠাৎ চিৎকার শুরু করে আমাদের সঙ্গে থাকা মিলন। দেখি, তাঁর হাত পুড়ে গেছে। সিলিন্ডারে আগুন জ্বলছে। মিলনকে টান দিয়ে আমরা দৌড়ে দূরে চলে গেলাম। এরপর প্রচণ্ড শব্দে এক এক করে সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকল। আগুন ধরে গেল।’
রাজশাহী বিভাগীয় এলপি গ্যাস পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক আহসানুল রশিদ বলেন, বোতলজাত এলপিজি গ্যাস বাজারজাতকারী পদ্মা, যমুনা ও মেঘনা অয়েল কোম্পানি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করছে। ঝুঁকিপূর্ণ এই হাজার হাজার সিলিন্ডার বাতিল ঘোষণা করে নতুন সিলিন্ডারে গ্যাস সরবরাহের জন্য পরিবেশক সমিতি দাবি জানায়। কিন্তু দাবি উপেক্ষা করে পুরোনো এসব সিলিন্ডারেই গ্যাস সরবরাহ করছে কোম্পানিগুলো। ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণও পুরোনো সিলিন্ডার।
এ ব্যাপারে একাধিকবার যোগাযোগ করেও পদ্মা অয়েল কোম্পানির দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
বগুড়ায় ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক আবদুল হামিন মুঠোফোনে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ট্রাক থেকে গ্যাসভর্তি সিলিন্ডার আনলোড করার সময় বিস্ফোরিত হলে আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। বিস্ফোরণের কারণ পুরোনো সিলিন্ডার কি না, তা তদন্তের পর বলা যাবে।