সিলিন্ডার বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নারী, শিশুসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার বাঙ্গালা গ্রামে বসা একটি মেলায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার জয়রা গ্রামের কুব্বত আলী (২৮), বাঙ্গালা গ্রামের হযরত আলীর স্ত্রী রোজিনা বেগম (২৬) ও তাঁর মেয়ে জোনাকি আক্তার (৭), একই গ্রামের গৃহবধূ বিলকিস বেগম (২৫) ও তাঁর ছেলে বিজয় হোসেন (৬) এবং একই গ্রামের শিশু আরেফিন হোসেন (৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঙ্গালা গ্রামের জাহির উদ্দিন বয়াতির বাড়িতে বার্ষিক ওরস উপলক্ষে চার দিনব্যাপী মেলা বসেছে। গতকাল ছিল মেলার শেষ দিন। এ দিন মেলায় গ্যাসভর্তি বেলুন বিক্রি করছিলেন কুব্বত শেখ। বেলা ১১টার দিকে বেলুনে গ্যাস ভরার সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ওই ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে কুব্বতকে গুরুতর অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও সিঙ্গাইরের বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। সিঙ্গাইর থানার ওসি মো. সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মানিকগঞ্জ প্রতিনিধি