সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫
খাগড়াছড়িতে গতকাল শুক্রবার সকালে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের ২ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন পুলিশের কনস্টেবল মো. শাহীন ও মো. ইসমাইল, মাটিরাঙ্গা ভূমি কার্যালয়ের কর্মচারী বীরেন্দ্র ত্রিপুরা, গ্যাস সিলিন্ডারের মালিক তুলসি রানী ঘোষ ও শিশু পল্লব চৌধুরী। তাঁদের মধ্যে প্রথম তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বীরেন্দ্র ত্রিপুরার হাঁটুর নিচের অংশ ও পুলিশ সদস্য শাহীনের পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ওড়ানোর জন্য সকাল সাতটার দিকে বেলুনে গ্যাস ভরা হচ্ছিল। আকস্মিকভাবে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে ওই পাঁচজন আহত হন। সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. মজিদ আলী আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান।
খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।