সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও তিনজনের মৃত্যু
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়া আরও তিন ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজন মারা যান।
হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাখি মিয়া (৪০), দেলোয়ার হোসেন (৪০) ও লেবু মিয়া (৪০)।
তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
শিবালয় উপজেলার বরঙ্গাইল এলাকায় গতকাল সোমবার রুমি সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হন। গুরুতর আহত হন কমপক্ষে ছয়জন।
গতকাল মারা যাওয়া ব্যক্তির নাম হেলাল উদ্দিন (৪৫)। তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তিনি পাশের ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।
আহত হন মানিকগঞ্জের দৌলতপুরের কাকনা গ্রামের পাখি মিয়া, শিবালয় উপজেলার কেশবপট্টি গ্রামের আশরাত আলী, বাগজান গ্রামের দেলোয়ার হোসেন, বরঙ্গাইল গ্রামের মাসুম হোসেন, নালী গ্রামের লেবু মিয়া ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুপ্তিয়র গ্রামের মো. সালাউদ্দিন। এই ছয়জনের মধ্যে আজ সকালে তিনজন মারা গেছেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেল চারটার দিকে বরঙ্গাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রুমি সিএনজি ফিলিং স্টেশনে পাইপ দিয়ে বিভিন্ন যানবাহনে গ্যাস সরবরাহ করা হচ্ছিল। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশায় গ্যাস সরবরাহের সময় পাইপ ফেটে যায়। একপর্যায়ে এই ফিলিং স্টেশনে পেট্রল নিতে আসা হেলাল উদ্দিন কমপ্রেসারের কক্ষে গিয়ে সুইচ বন্ধ করার চেষ্টা করেন। এ সময় ওই কক্ষের ভেতরে রাখা কয়েকটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কক্ষের ছাদের কিছু অংশ উড়ে যায়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই হেলাল মারা যান। আহত হন কমপক্ষে ছয়জন।
রুমি সিএনজি ফিলিং স্টেশনের মালিক শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহিম খানের সঙ্গে গতকাল মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। ঘটনাস্থলে গিয়ে সিএনজি স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাওয়া যায়নি।
খবর পেয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে ঘিওর উপজেলা ও পরে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় অগ্নিদগ্ধ ছয় ব্যক্তিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জিহাদ হোসেন জানান, কমপ্রেসার কক্ষের সিলিন্ডার বিস্ফোরণেই এই হতাহতের ঘটনা ঘটে। সিলিন্ডারগুলোর ত্রুটির কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান গতকাল বলেন, এ ঘটনায় রাত সাড়ে আটটা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। তবে ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মামলা করা হবে।