সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছেলের মৃত্যু, বাবাও গুরুতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আবদুর রহিম (২৫) রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই হাসপাতালে তাঁর বাবা মো. আবদুল আমিন (৫০) চিকিৎসাধীন।

এ নিয়ে ওই সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় দুজনের মৃত্যু হলো। শুক্রবার ওই বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার চালক মো. বজলু (৪৫)। শুক্রবার বিকেলে নগরের বেবি সুপার মার্কেটের সামনে চলন্ত ওই অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর অটোরিকশার দুই যাত্রী আবদুল আমিন ও তাঁর ছেলে আবদুর রহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছিল। দুজনের শরীরের প্রায় শতভাগ পুড়ে যায় বলে চিকিৎসকেরা জানান।
বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ বলেন, দুজনের শরীরের প্রায় শতভাগ পুড়ে যায়। ছেলে রহিম মারা গেছেন। বাবার অবস্থাও সংকটাপন্ন। তাঁদের বাড়ি কক্সবাজারের টেকনাফের জাদিমুরা এলাকায়।