সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২
ময়মনসিংহের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় একটি সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় কাভার্ড ভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম উবাদ হোসেন ওরফে আবু বক্কর (৪০)। তিনি ওই সিএনজি পাম্পের কর্মচারী। তাঁর বাড়ি মাগুরা জেলায়। আহতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক সুরুজ আলী (৪১) ও চালকের সহকারী আজহারুল (৩৮)।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদের ভাষ্য, বিকেল সাড়ে চারটার দিকে মাস্টারবাড়ি এলাকায় ‘পূর্বাশা ফিলিং স্টেশন’ নামে একটি সিএনজি পাম্পে গ্যাস নিতে যায় মালবাহী একটি কাভার্ড ভ্যান। এ সময় কাভার্ড ভ্যানের গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই মারা যান উবাদ হোসেন। আহত সুরুজ আলী ও আজহারুলকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।