সিলিন্ডার বিস্ফোরণে নৈশকোচ ভস্মীভূত, আহত ২০
গতকাল রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী রোজিনা এন্টারপ্রাইজের একটি নৈশকোচ (ঢাকা মেট্রো ব-১১-১০৪৫) বিরামপুর উপজেলার বিজুল বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার ১০ মিনিট পর গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হলে বাসটিতে আগুন ধরে যায়। এতে চালক ও হেলপারসহ ২০ জন যাত্রী আহত হন। বিরামপুর উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়নের বিজুল বাজারের পোলট্রি ব্যবসায়ী মো. ইনতাজ আলী বলেন, কোচটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খাওয়ার পর থেমে যায়। যাত্রীরা দ্রুত নামার প্রায় ১০ মিনিট পর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়।বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন কোচটির যাত্রী রোজিনা খাতুন (২২), আবদুর রহমান (২৫) অভিযোগ করেন, চালক বেপরোয়াভাবে কোচটি চালাচ্ছিলেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এ টি এম আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ফুলবাড়ী উপজেলা থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হলেও তার আগেই কোচটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত বাসচালক ও সুপারভাইজারের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। বিরামপুর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দুজনকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।