সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল রুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন এক তরুণ। নাম রুকু মিয়া (২০)। তাঁর উপার্জনেই চলত সাত সদস্যের একটি পরিবার। ওই পরিবারটি এখন মহাদুর্যোগে পড়েছে। একই বিস্ফোরণে আহত হয়েছেন সেতারা বেগম নামের আরেক বৃদ্ধ।
গতকাল বৃহস্পতিবার শহরের সূত্রাপুর এলাকার রিয়াজ কাজী লেন-গোহাইল সংযোগ সড়কের সওদাগর লেনে কনকর্ড প্যালেসের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বেলুন ব্যবসায়ী আবদুস সালামকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গ্যাস বেলুন ব্যবসায়ী আবদুস সালামকে আটক করা হয়েছে। নিহত তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় থানায় একটি মামলা করা হয়েছে।
নিহত রুকু মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, তাঁর বাবা মাহাতাব উদ্দিন মানসিক ভারসাম্যহীন। মা রোখসানা বেগম অন্যের বাসাবাড়িতে কাজ করেন। বিয়ের বয়স হয়েছে ছোট বোন দৃষ্টির। আরেক বোন দোলা পড়ছে দ্বিতীয় শ্রেণিতে। ছোট আরও দুই ভাইবোন রয়েছে। বড় ছেলে হওয়ায় পরিবারের সব সদস্যের দায়িত্ব পড়েছিল রুকুর কাঁধে। এ জন্য নিরাপত্তাপ্রহরীর কাজ নিয়েছিলেন বহুতল ভবন নির্মাণকারী একটি প্রতিষ্ঠানে। গতকাল সকালে বাড়ির পাশের সরু গলিপথ ধরে হেঁটে যাচ্ছিলেন বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কর্মস্থলে। কিন্তু ওই গলির পাশেই বেলুন ফুলানো কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল। কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড শব্দে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান রুকু মিয়া।
সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, বিস্ফোরিত সিলিন্ডারের পাশে আরও দুটি অবিস্ফোরিত সিলিন্ডার পড়ে রয়েছে। জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। সেখান থেকে প্রায় ১৫ হাত দূরে ‘কনকর্ড প্যালেস’ নামে বহুতল ভবনসংলগ্ন গলির এক পাশে পড়ে আছে ছোপ ছোপ রক্ত। আর বিস্ফোরিত সিলিন্ডারের টুকরো টুকরো অংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সেখানে।
সওদাগর গলির চার-পাঁচজন বাসিন্দা জানান, শহরের গ্যাস বেলুন ব্যবসায়ী আবদুস সালাম কনকর্ড প্যালেসে থাকেন। আর এর সামনের সওদাগর লেনের সরু গলির এক পাশে বেলুন ফোলানোর জন্য আনা গ্যাস সিলিন্ডার সারা বছর ফেলে রাখেন। আগে দুই-তিনবার সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গলির ভেতর এভাবে সিলিন্ডার না রাখার জন্য লোকজন প্রতিবাদ করলেও আবদুস সালাম তা শোনেননি।