সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন, বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় বুধবার রাতে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) বাছেদ মিয়া বাদী হয়ে মামলা করেছেন। মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।মামলায় উল্লেখ করা হয়েছে, বুধবার রাত আটটার দিকে গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তায় কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ভাওয়াল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেন ১৮ দলের ডাকা বৃহস্পতিবারের হরতাল-সমর্থকেরা। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে যানবাহনের কার্যক্ষমতা ও কার্যকারিতা ব্যাহত করার উদ্দেশ্যে বাস পোড়ানোর অভিযোগে ওই মামলা করা হয়েছে। এতে বাসন ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শওকত বাবুকে ১ নম্বর ও গাজীপুর সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির আহমেদকে ২ নম্বর এবং বাসন ইউনিয়ন বিএনপির সভাপতি হযরত আলীকে ৩ নম্বর আসামি করা হয়েছে।তবে এ অগ্নিকাণ্ডের ব্যাপারে ঘটনাস্থলে তাৎক্ষণিক পরিদর্শনে যাওয়া জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সোজায়েত হোসেন ও নাওজোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেনের বরাত দিয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু জাফর আহমেদ সাংবাদিকদের জানান, ঘটনার সময় ওই এলাকায় কোনো উচ্ছৃঙ্খল জনতা ছিল না। গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে ওই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জেলা যুবদলের নেতা মো. শওকত বাবু জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর বিভিন্ন পত্রিকায় ছাপানো হয়েছে। অথচ পুলিশ ভাওয়াল পরিবহনের ওই বাস পুড়ে যাওয়ার ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আসামি করে মামলা করেছে, যা যড়যন্ত্রমূলক। জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, ঘটনার দিন তাৎক্ষণিক মনে হয়েছিল সেটা সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা। কিন্তু পরে তদন্ত করে দেখা গেছে, বিষয়টি বিএনপির নেতা-কর্মীদের কাজ ছিল। তাই তাদের আসামি করে মামালা করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে জেলা শহরের শিববাড়ী মোড়ে দাঁড়িয়ে থাকা বিআরটিসির দোতলা বাস পোড়ানোর অভিযোগে ১৮ দলের ১৩৮ নেতা-কর্মীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।