সিলিন্ডার বিস্ফোরণে বিআরটিসি বাস ভস্মীভূত
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গত বৃহস্পতিবার রাতে রংপুরে বিআরটিসির একটি বাস আগুনে ভস্মীভূত হয়েছে। এ সময় ২০ যাত্রী আহত হন। যাত্রীদের ঈদের কাপড়সহ মালামালও পুড়ে যায়।
কয়েকজন বাসযাত্রী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকার আশুলিয়া বাইপাল থেকে ছেড়ে আসা নীলফামারীর সৈয়দপুরগামী বিআরটিসির একটি বাস বৃহস্পতিবার রাত ১২টার দিকে রংপুর নগরের আর কে রোড এলাকার বাস টার্মিনালের কাছে পৌঁছায়। এ সময় সিলিন্ডার বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে বাসের জানালা দিয়ে বেরিয়ে আসার সময় অন্তত ২০ যাত্রী আহত হন। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। অধিকাংশ যাত্রীই পোশাক কারখানার শ্রমিক। ঈদের ছুটি পেয়ে বিআরটিসি বাস ভাড়া করে তাঁরা বাড়িতে ফিরছিলেন। ঈদ উপলক্ষে স্বজনদের জন্য যাত্রীরা যা কিনেছিলেন, আগুনে তা পুড়ে যায়।
বাসযাত্রী পোশাকশ্রমিক মোস্তাকিম রহমান বলেন, ‘কত কষ্ট করে স্ত্রী, সন্তান ও মায়ের জন্য ঈদের নতুন কাপড় কিনেছিলাম। ঈদের আনন্দ আর হলো না।’আরেক যাত্রী রাশেদুল ইসলাম বলেন, ‘হঠাৎ বিকট শব্দ। তারপর আগুন। ভয়ে জানালা দিয়ে বেরিয়ে পড়েছি। বাড়ির সবার ঈদের নতুন কাপড়সহ মালামাল কিছুই বের করতে পারিনি।’
এদিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ওই রাতেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসসহ যাত্রীদের মালামালও আগুনে পুড়ে যায়।
রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত।