সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুক্তিযোদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার গ্লেরিয়াস সিএনজি স্টেশনে গতকাল বৃহস্পতিবার একটি ট্রাকের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আবদুল আজিজ (৫৫) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই পাম্পে নিরাপত্তারক্ষীর চাকরি করতেন।
নিহত আজিজের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামে। রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জের পাটুরিয়াঘাট থেকে ছেড়ে আসা গরুবোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১১-১৮০৮) ঢাকা যাওয়ার পথে গতকাল দুপুর ১২টার দিকে চালক ধামরাইয়ের বাথুলি এলাকার ওই স্টেশন থেকে গ্যাস ভরছিলেন। পাম্পের অপারেটর হেলাল উদ্দিন ডিস্পেন্সার (গ্যাস স্থানান্তরের যন্ত্র) থেকে ট্রাকের সিলিন্ডারে সংযোগ দিয়ে কম্প্রেসার কক্ষে যান। এ সময় প্রচণ্ড শব্দে ট্রাকের একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরিত সিলিন্ডারের একটি টুকরা ৩০ ফুট দূরে বসে থাকা আজিজের মাথায় গিয়ে লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অপর একটি টুকরা সিলিন্ডারের আঘাতে ট্রাকে থাকা গরুর মধ্যে দুটি মারা যায়।
পাম্পের ব্যবস্থাপক আবুল হাসনাত জানান, সিলিন্ডারটি বিস্ফোরিত হওয়ার পর তিন টুকরা হয়ে তিন দিকে ছুটে যায়। এর এক টুকরা আবদুল আজিজের মাথায় লেগে তাঁকে উড়িয়ে ১০ গজ দূরে নিয়ে ফেলে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মুক্তিযোদ্ধা আবদুল আজিজকে বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।