সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থে গৃহস্থালি গ্যাসের মূল্যবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ ও ‘জাতীয় স্বার্থবিরোধী’ বলে উল্লেখ করে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীদের সুযোগ করে দিতে গৃহস্থালি গ্যাসের দাম উচ্চহারে বাড়ানো হচ্ছে বলে দলটির নেতারা অভিযোগ করেন।
গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি ও অভিযোগ জানানো হয়। গ্যাসের দাম অযৌক্তিক বৃদ্ধির সিদ্ধান্ত এবং বিদ্যুতের দামের অব্যাহত বৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
বক্তারা বলেন, সব খাতে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত এবং গৃহস্থালি গ্যাসের দাম ১২২ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। এর প্রধান শিকার হবে নগরের গরিব মানুষ। তাঁরা বলেন, বিদ্যুতের ক্ষেত্রে কুইক রেন্টাল পদ্ধতির মাধ্যমে কতিপয় লুটেরার পকেট ভারী করে ব্যয়ের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। গ্যাসের ক্ষেত্রেও সেই একই প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য আবদুস সালাম, আবুল হাসান, বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন, সৈকত মল্লিক, জান্নাতুল মরিয়ম প্রমুখ। বিজ্ঞপ্তি।