সিলিন্ডারপ্রতি ১০০ টাকা বাড়িয়ে ২০ টাকা ছাড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে দুই সপ্তাহের ব্যবধানে এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ১০০ টাকা বাড়িয়ে আবার ২০ টাকা কমানো হয়েছে। নগরের কেনানীপাড়ার ব্যবসায়ী তৌফিকুল ইসলাম বলেন, ‘১৫ দিন আগে এক সিলিন্ডার যমুনা গ্যাস এক হাজার ৫০০ টাকায় কিনেছি। সেই গ্যাস গত বৃহস্পতিবার কিনেছি ২০ টাকা কমে। এতে একটু বিস্মিত হয়েছি। কারণ, কোনো জিনিসের দাম বাড়লে তো আর কমে না।’খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস আগে এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪০০ টাকা। ১৫ দিনের মধ্যে ১০০ টাকা বাড়িয়ে এর দাম করা হয় এক হাজার ৫০০ টাকা। এই দাম বাড়ানোর কয়েক দিন পর ২০ টাকা ছাড় দেওয়া হয়েছে। আগস্ট মাসের প্রথম সপ্তাহে সিলিন্ডারপ্রতি গ্যাস বিক্রি হয়েছে টোটাল এক হাজার ৫১০ থেকে এক হাজার ৫২০ টাকা। যমুনা এক হাজার ৪৯০ থেকে এক হাজার ৫০০ টাকা। ক্লিনহিট ও বসুন্ধরা বিক্রি হয়েছে এক হাজার ৫০০ টাকা দরে। জুলাই মাসের শেষ সপ্তাহে এই গ্যাস বিক্রি করা হয়েছে ১০০ টাকা কম দরে। এক সপ্তাহের ব্যবধানে আগস্ট মাসের প্রথম সপ্তাহে সিলিন্ডারপ্রতি ১০০ টাকা বাড়ানো হয়। তবে পরের সপ্তাহ থেকে সিলিন্ডারপ্রতি মাত্র ২০ টাকা কম দরে বিক্রি হচ্ছে।নগরের ধাপ এলাকার গৃহিণী রোকেয়া বেগম বলেন, ‘গ্যাসের দাম তো বেড়েই চলেছে। তবে ১০০ টাকা বাড়ার পর ২০ টাকা কমাতে বেশ আশ্চর্যই লাগছে।’ ইঞ্জিনিয়ারপাড়ার চাকরিজীবী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এটি একটি অভিনব কৌশল হতে পারে। ব্যবসায়ী সমাজের কাছে আজ জনগণ জিমিঞ্চ। ১০০ টাকা বাড়িয়ে ২০ টাকা কমানো মানে এখনো ৮০ টাকা বেশি দরে বিক্রি করছে। এ ব্যাপারে প্রশাসনের কোনো নজরদারি নেই।’ নগরের কাচারি বাজারের খুচরা ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘আমরা ডিলারদের কাছ থেকে কিনে সামান্য লাভে ক্রেতাদের কাছে পরিবহনে করে পৌঁছে দিই। আর আমাদের কাছে তেমন কোনো গ্যাসও মজুদ থাকে না। কোম্পানি থেকে দাম বাড়ালে আমাদের করণীয় কিছু থাকে না।’ স্থানীয় ডিলার মনোয়ার হোসেন বলেন, ‘ঢাকার কোম্পানি থেকে আমরা গ্যাস নিয়ে আসি। সেখান থেকেই বাড়ানো হয়েছে। আবার সামান্য টাকা কমানোর জন্য বলা হলে এই ২০ টাকা কমিয়েছি। এখানে আমাদেরই বা কী করার আছে?’ আরেক ডিলার আবদুল মান্নান আকন্দও একই ধরনের কথা বলেছেন।সচেতন নাগরিক কমিটির (সনাক) আহ্বায়ক মলয় কিশোর ভট্টাচার্য বলেন, ব্যবসায়ীদের সিন্ডিকেট ছাড়া এটা আর কিছু হতে পারে না।