সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ ছয় দফা দাবিতে সমাবেশ করেছে ‘প্রকৃচি বিসিএস ২৬ ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি’। সমাবেশে বক্তারা প্রশাসন ক্যাডারের নিরঙ্কুশ ক্ষমতা প্রদান এবং অন্য ক্যাডারদের মর্যাদাহানির প্রতিবাদ জানান।
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সমন্বয় কমিটির কেন্দ্রীয় মহাসচিব আহমেদ সবুর। বক্তব্য দেন কৃষিবিদ তাসাদ্দেক আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, চিকিৎসক বিশ্বজিৎ দত্ত, আমিনুল হক চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে অন্য পেশাজীবীদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। দেশের অগ্রযাত্রায় চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদসহ সব ক্যাডারের ভূমিকা রয়েছে। কিন্তু জাতীয় বেতন স্কেলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে। অন্য পেশার কর্মকর্তাদের অবনমন করা হয়েছে। তাঁরা বলেন, অবিলম্বে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ ছয় দফা দাবি মেনে না নিলে ডিসেম্বর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।