সিলেকশন গ্রেড বহাল ও বেতন ধাপ সমুন্নত রাখার দাবি
প্রস্তাবিত বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বাদ দেওয়া ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল বেতনের ধাপ অবনমন প্রস্তাবনায় ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল শুক্রবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ও সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী স্বাক্ষরিত এক বিবৃতিতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন ধাপ সমুন্নত রাখার দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ফরাস উদ্দিন বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার অষ্টম বেতন কাঠামো চূড়ান্ত করতে যাচ্ছে। এই কাঠামোর প্রস্তাবনায় সিলেকশন গ্রেড প্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপকদের বেতন কাঠামো পদায়িত সচিবদের এক ধাপ নিচে বিবেচনা করা হয়েছে। এ ছাড়া উল্লিখিত বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল বেতন সপ্তম বেতন কাঠামো থেকেও এক ধাপ কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এই প্রস্তাবনার ফলে শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ সিলেকশন গ্রেড বহাল, জ্যেষ্ঠ অধ্যাপক (সিলেকশন গ্রেডপ্রাপ্ত) এবং অধ্যাপকদের মূল বেতন জ্যেষ্ঠ সচিব ও পদায়িত সচিবদের বেতনের সমতুল্য করা এবং একইভাবে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামোও ক্রমানুসারে নির্ধারণের দাবি জানানো হয়।