সিলেট সদরের খাদিমপাড়ায় গতকাল রোববার যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। গত শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাক্টর উল্টে তিনজন এবং একই দিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একজন নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: সিলেট: গতকাল দুপুরে একটি অটোরিকশা যাত্রী নিয়ে সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। খাদিমপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চারজনসহ আট যাত্রী আহত হন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর হবিগঞ্জের মোহনপুর গ্রামের রাজিয়া বেগম (৩২), কমলা বানু (৩৫) ও সিলেট শহরতলির মেজরটিলার বাসিন্দা আবদুল হান্নান (৪০) মারা যান। আহত ব্যক্তিদেরও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।কুমিল্লা: শনিবার রাত সাড়ে নয়টার দিকে ট্রাক্টরে করে চালকসহ পাঁচজন বুড়িচং উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে রাজাপুর রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরের আরোহী রাজাপুর গ্রামের আবদুল অদুদ মিয়ার ছেলে জসিম উদ্দিন (২২), কালীকৃষ্ণনগর গ্রামের সুরত আলীর ছেলে রমজান আলী (২২) ও ধর্মনগরের আবদুল মজিদের ছেলে আল আমিন (২২) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন রাজাপুর গ্রামের সামছু মিয়ার ছেলে আবুল বাশার (২২) ও মালু মিয়ার ছেলে ফারুক মিয়া (২৩)। সরাইল (ব্রাক্ষণবাড়িয়া): বিজয়নগর উপজেলার খাতাবাড়িয়া এলাকায় গত শনিবার সকালে একটি মালবাহী কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী অটোরিকশা। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী হিরালাল দাস (২৩) নিহত হন। তিনি বিজয়নগর উপজেলার মানিকপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।