সিলেট অংশে ৭০ স্থানে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

দেশের প্রধান মহাসড়কগুলো বেহাল। কোথাও সুরকি উঠে গেছে, কোথাও খানাখন্দ। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। কোথাও চলছে ধীরগতিতে। সামনে ঈদ। যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে। এতে দুর্ভোগও বাড়বে

ঢাকা-সিলেট মহাসড়কের বড় একটি বাঁক। এ বাঁক পেরোনোর আগে-পরের অংশটুকু ভাঙাচোরা। খানাখন্দ ঢাকতে বিচ্ছিন্নভাবে ইট-সুরকি ফেলায় অবস্থা আরও নাজুক হয়েছে। ধীরগতিতে চলাচল করছে যানবাহন। এ কারণে দুই দিকে যানজটও লেগে যায়। এ চিত্র সিলেটের ওসমানীগর উপজেলার তেরোমাইল এলাকার।

ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট নগরের হুমায়ূন রশিদ চত্বর থেকে জেলার শেষ অংশ শেরপুর পর্যন্ত (মৌলভীবাজারের আগে)গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের সিলেট অংশে অন্তত ৭০টি স্থানে রয়েছে খানাখন্দ ও গর্ত। এ ছাড়া ২১৫ কিলোমিটার দীর্ঘ এ মহাসড়কের অন্তত ৯০ কিলোমিটারে স্থানে স্থানে গর্ত রয়েছে। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী এলাকায় ঢাকাগামী একটি পরিবহনের রাতের পালার চালক ফারুক আহমদ বলেন, প্রায় তিন মাস ধরে এ অবস্থা। এতে পাঁচ থেকে ছয় ঘণ্টায় ঢাকা-সিলেট যাতায়াতে এখন বাড়তি দুই ঘণ্টা সময় লেগে যায়।

মহাসড়কের যে ৯০ কিলোমিটার অংশ ভাঙাচোরা, সে অংশগুলোর অধিকাংশ পড়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের ভৈরবে। ঢাকা থেকে কাঁচপুর সেতু পার হওয়ার পর থেকে মহাসড়কের ভাঙা অংশ পাড়ি দেওয়া শুরু হয়।

সম্প্রতি ঢাকা-সিলেট যাতায়াত করেছেন এমন কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কে ভাঙা থাকায় দুর্ভোগের শুরু হয় ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড পার হওয়ার পর। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বাহুবল নবীগঞ্জ, মৌলভীবাজারের শেরপুর পেরিয়ে সিলেট পর্যন্ত মহাসড়কে গর্ত ও খানাখন্দ মাড়িয়ে যান চলাচল করছে।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রকৌশল বিভাগ বলছে, সাম্প্রতিক বৃষ্টির কারণে মহাড়কের শেরপুর পর্যন্ত কিছু খানাখন্দের সৃষ্টি হয়েছে, যেগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে।

সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত প্রথম আলোকে বলেন, শেরপুর থেকে ব্রাহ্মণশাসন এলাকা ও নগরের অংশ হুমায়ূন রশিদ চত্বর থেকে শেরপুর পর্যন্ত কিছু কিছু স্থানে বৃষ্টির জন্য গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলো তাৎক্ষণিক ভরাটে জরুরি প্রকল্পে সংস্কারকাজ চলছে। এ কাজ ঈদের আগেই শেষ হবে বলে জানান তিনি।