সিলেট অঞ্চলে ম্যালেরিয়ায় আক্রান্তদের মৃত্যুর হার ৬০ ভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ১৩টি ম্যালেরিয়াপ্রবণ জেলার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই চারটি জেলা রয়েছে। বৃহত্তর সিলেট অঞ্চলের এসব জেলায় ম্যালেরিয়ায় আক্রান্তদের মৃত্যুর হার ৬০ ভাগ। তাই জনগণের কাছে ম্যালেরিয়া বিষয়ে বার্তা পৌঁছে দিয়ে এটি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ‘ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচিতে গণমাধ্যমের সহায়তা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেছেন। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাকের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সিভিল সার্জন এম ফয়েজ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থইস্ট মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল খালেক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিএমএ সিলেটের সভাপতি রুকনউদ্দিন আহমেদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিশির চক্রবর্তী, জেলা সহকারী সিভিল সার্জন জালালউদ্দিন আহমেদ, জেলা সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন সংস্থা ব্র্যাকের কর্মকর্তা শহীদুল ইসলাম লস্কর।বক্তারা বলেন, সিলেট জেলায় কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তা ও কানাইঘাট উপজেলায় ম্যালেরিয়ার প্রকোপ বেশি। তাই এসব এলাকায় বাড়তি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। সার্বক্ষণিক মশারি, স্প্রে ব্যবহারসহ মশা রোধে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা ভালো। ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবস্থাপনা, দক্ষতা, সমন্বয় ও অংশীদারি জোরদার করতে হবে।