অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেট। দেশের আর্থসামাজিক উন্নয়নে সিলেট অঞ্চলের পর্যটনশিল্পের গুরুত্ব ব্যাপক। এই অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও ব্যাপকভাবে পর্যটকদের আকর্ষণ করা সম্ভব। তবে পর্যটকদের যাতায়াতের পথ সুগম করার পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়টিও প্রশাসনকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে ‘সিলেটের পর্যটনশিল্পের উন্নয়ন, প্রতিবন্ধকতা, সমাধান ও সম্ভাবনাবিষয়ক’ এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানারা খানুম। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজম খান।
সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমানের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ছালাহ উদ্দিন চৌধুরী, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. রুকন উদ্দিন প্রমুখ।