সিলেট অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এইচএসবিসি ও প্রথম আলোর উদ্যোগে আয়োজিত এ উৎসবে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করা শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে সকাল সাড়ে আটটার মধ্যে নগরের নয়াসড়ক এলাকার কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।
প্রতিযোগে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের শিক্ষার্থীরা অংশ নেবে। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এ চারটি বিভাগে প্রতিযোগ অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগ শুরু হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ। এ সময় ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক। উদ্বোধন শেষে ৩৫ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর হবে প্রশ্নোত্তর পর্ব।
প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও ভাষা প্রতিযোগের সমন্বয়কারী তারিক মনজুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জফির সেতু, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের উপব্যবস্থাপক কবির বকুল প্রমুখ উপস্থিত থাকার কথা আছে।