সিলেট আ.লীগে নতুন কমিটি ঘোষণার আগেই ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কমিটির আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি। কিন্তু কমিটিতে নেতাদের থাকা না-থাকা নিয়ে আগাম ক্ষোভের প্রকাশ ঘটছে সিলেট আওয়ামী লীগে। পুরোনোদের বাদ দিয়ে নতুন কমিটি হচ্ছে—এ রকম আভাস পেয়ে গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে মহানগর ও জেলা কমিটির ব্যানারে সভা করেছে। গতকাল রাত আটটায় সিলেট মহানগর ও জেলা পর্যায়ের কিছু নেতা আলাদা সভা করেছেন তাঁদের অনুগত কর্মীদের নিয়ে। রাত সাড়ে আটটা থেকে ১০টা পর্যন্ত সভা চলে। উভয় সভা থেকে নতুন কমিটি গঠনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। সভা সূত্র জানায়, রাত আটটায় নগরের আম্বরখানায় একটি রেস্তোরাঁয় সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান কারাগারে থাকাকালীন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকা সিরাজ বক্স। বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর ফয়জুল আনোয়ার, আবদুল খালিক, জেলা যুবলীগের সভাপতি জগদীশ চন্দ্র ও শামীম আহমদ। বক্তারা কাউন্সিল ছাড়া নতুন কমিটি গঠন হলে আন্দোলন করে তা রোখা হবে বলে ঘোষণা দেন। রাত ১০টায় এ সভা শেষে ‘কোনো নেতার ধার ধারি না/নেত্রী মোদের শেখ হাসিনা...’ স্লোগানে মিছিল হয়। নগরের শাহী ঈদগাহ এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তন কক্ষে জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের প্রতিবাদে উপজেলা পর্যায়ের নেতারা একাত্ম হন। সেখানে সিলেটের বিশ্বনাথ উপজেলা বাদে বাকি ১১ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবদুল খালিক মায়ন প্রথম আলোকে বলেন, ‘একজন মন্ত্রীর অরাজনৈতিকসুলভ মনোভাবের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কমিটি হলে কাউন্সিলের মাধ্যমে হওয়া উচিত।’জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, ‘কমিটি নতুন দরকার কি না, তা নির্ধারণ করবে কেন্দ্র। ’আওয়ামী লীগের সূত্র জানায়, ২০০৫ সালের ৩ অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে আ ন ম শফিকুলকে সভাপতি ও ইফতেখার হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে তাঁদের সঙ্গে আবদুজ জহির চৌধুরীকে জ্যেষ্ঠ সহসভাপতি ও আবদুল খালিককে যুগ্ম সম্পাদক করে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে কেন্দ্রীয় নির্দেশনা দেওয়া হয়। একইভাবে ওই বছরের ২৬ নভেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন করে সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজকে সাধারণ সম্পাদক করে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়। এ দুই কমিটি গত প্রায় সাড়ে চার বছরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গত ১০ এপ্রিল সিলেটে সদস্য সংগ্রহ অভিযান শুরুর আনুষ্ঠানিকতায় আগামী এক সপ্তাহের মধ্যে নতুন কমিটি ঘোষণার কথা বলেছিলেন।