সিলেট আ.লীগের ঠিকানা '২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ'
ভোটার তালিকা হালনাগাদের কাজে সহায়তা করতে জরুরি সভার আয়োজন করা হয়েছে। তাতে অংশগ্রহণের জন্য ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের লোগোসংবলিত চিঠির ওপরের দিকে ‘সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ’ লেখা থাকলেও ঠিকানা উল্লেখ করা হয়েছে ‘২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ’।
তাহলে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের ঠিকানা বঙ্গবন্ধু অ্যাভিনিউ? এমন প্রশ্নে তমুল হট্টগোল হয়েছে সভায়। একপর্যায়ে সভা আহ্বানকারী সাধারণ সম্পাদক এ বিষয়ে কোনো জবাব দিতে না পারায় ক্ষুব্ধদের একটি অংশ সভা বয়কট করে। গত সোমবার সন্ধ্যায় সিলেট নগরের আম্বরখানার বাড়ি ম্যানশনে দলীয় কার্যালয়ে ঘটেছে এ ঘটনা।
চিঠিতে জরুরি সভা আহ্বানকারী হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনের নাম ও সই রয়েছে। তিনি সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও। তাঁর নাম ‘নিজাম উদ্দীন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক, সিলেট সদর, উপজেলা আওয়ামী লীগ’ লেখার পরই ঠিকানা বঙ্গবন্ধু অ্যাভিনিউ উল্লেখ করা।
সোমবার বিকেলে জরুরি সভা আহ্বান করা হলেও চিঠিতে তারিখ ‘২৪ জুলাই’ উল্লেখ করে ওই দিনই বিলি করা হয়েছে। সভার আলোচ্যসূচি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সহায়তা করার বিষয়টি উল্লেখ করা হয়েছে এভাবে, ‘বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশক্রমে আগামী জুলাই ২০১৭ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কর্মসূচি রয়েছে...।’
দলীয় সূত্র জানায়, সভার শুরুতে এ রকম চিঠি পেয়ে আমন্ত্রিত হওয়া অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এর মধ্যে চলতি জুলাই মাসকে ‘আগামী জুলাই’ এবং সদর উপজেলা শাখার ঠিকানা বঙ্গবন্ধু অ্যাভিনিউ উল্লেখ করায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন অনেকেই। এ অবস্থায় সভা আহ্বানকারী সাধারণ সম্পাদক কোনো সদুত্তর না দেওয়ায় উপজেলা শাখার প্রথম সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিনের নেতত্বে একটি পক্ষ সভা বয়কট করে। এ কারণে সভা পণ্ড হয়ে যায়।
এই চিঠি দিয়ে মূলত সদর উপজেলার অধীন ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সদর উপজেলার হাটখোলা, জালালাবাদ, খাদিমনগর, টুলটিকর, টুকেরবাজার, মোগলগাঁও, কান্দিগাঁও, খাদিমপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এই চিঠি হাতে নিয়ে সভায় উপস্থিত হন এবং সবাই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
জানতে চাইলে সভা আহ্বানকারী নিজাম উদ্দীন বলেন, এটা আসলে বড় কোনো ভুল নয়, কেন্দ্রের নির্দেশনার আলোকে করতে গিয়ে এসে গেছে। চিঠির ভুলের জন্য সভা পণ্ড বা বয়কট হয়নি দাবি করে তিনি বলেন, কিছু ভুল-বোঝাবুঝি হয়েছে, তবে সভায় নিষ্পত্তিও হয়ে গেছে।
সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৮ সালে। তিন বছর মেয়াদি ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি অতিরিক্ত পাঁচ বছর পার করায় সাংগঠনিক কার্যক্রম চরম উদাসীনভাবে চলছে বলে অভিযোগ করেন সভা বয়কটকারী সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন। এ বিষয়ে গতকাল তিনি প্রথম আলোকে বলেন, কেন্দ্রের নির্দেশের সভা ছিল এটি। আমন্ত্রণ জানানোর চিঠি যদি হাতে লেখা হতো, তাহলে ভুল মেনে নেওয়া যেত। এটি আসলে দলের কার্যক্রম চালানোর ক্ষেত্রে অজ্ঞতা ও উদাসীনতারই একটি নজির।
আমির উদ্দিন বলেন, তাঁর সঙ্গে কার্যকরী কমিটির অধিকাংশ সদস্যই সভা বয়কট করেছেন। এ কারণে সভাই পণ্ড হয়েছে। তাঁরা বিষয়টি লিখিতভাবে জেলা ও কেন্দ্রীয় কমিটিকে জানাবেন।