সিলেট-আখাউড়া রেলপথে ট্রেন প্রত্যাহারে দুর্ভোগ
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সিলেট-আখাউড়া রেলপথে নতুন ট্রেন চালুর দুই মাস ২০ দিনের মাথায় তা প্রত্যাহার করায় এই রুটের কমপক্ষে ২০টি স্টেশনের যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। গত ১ জুলাই থেকে ‘আপ’ ও ‘ডাউন’ নামে নতুন লোকাল ট্রেন আখাউড়া থেকে সিলেট রেলপথে চালু করা হয়েছিল।রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, কয়েক বছর আগে সিলেট-আখাউড়া রুটে আপ ও ডাউন হিসেবে চারটি সাধারণ ট্রেন চলাচল করত। রেল কর্তৃপক্ষ এই রুটে কুশিয়ারা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন রেখে বাকিগুলো প্রত্যাহার করে নেয়। কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনের পরিবর্তিত নতুন সময়সূচির কারণে সিলেট থেকে আখাউড়া অভিমুখে দিনের বেলায় কোনো লোকাল ট্রেন ছিল না। এর ফলে দিনের বেলা এই পথের অধিকাংশ রেলস্টেশন এলাকার ট্রেনযাত্রীদের দুর্ভোগ বেড়েছিল। শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ের স্টেশনমাস্টার কাজী শহিদুর রহমান বলেন, লোকাল নতুন ট্রেনটি চালু হওয়ায় যাত্রী ও ব্যবসায়ীদের উপকারে এসেছিল। নতুন লোকাল ট্রেনে মালামাল ও যাত্রী পরিবহনে সিলেট থেকে আখাউড়া পর্যন্ত প্রতিটি স্টেশনে প্রতিদিন কমপক্ষে তিন হাজার টাকা করে রাজস্ব আয় বেড়েছিল। ২০ সেপ্টেম্বর থেকে আকস্মিক এই লোকাল ট্রেনের গতিপথ পরিবর্তন করে ভৈরব থেকে শায়েস্তাগঞ্জ করা হয়। এর ফলে নিয়মিত যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।