সিলেট আদালতে ইউএনওর বিরুদ্ধে স্ত্রীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর এক ভাই যুক্তরাজ্য-প্রবাসী। তাঁর নামে ঢাকায় একটি বাড়ি আছে। ওই বাড়ি নিজের নামে লিখে দেওয়ার ব্যবস্থা না করায় স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে নির্যাতন করা হয়েছে। এ অভিযোগ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুল হকের বিরুদ্ধে তাঁর স্ত্রী মোছাম্মৎ আফিয়া বেগমের।আদালত সূত্র জানায়, গত ২৫ নভেম্বর সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দেন আফিয়া বেগম। পুলিশের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুর রহমান গতকাল মঙ্গলবার অভিযোগটি নারী নির্যাতন দমন আইনে মামলা হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবাস্থা নেওয়ার জন্য সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।জৈন্তাপুর থানার ওসি গোলক চন্দ্র বসাক আদালতের নির্দেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবিহত করার পাশাপাশি বরিশালের প্রশাসনকে জানানো হয়েছে। এখন পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ইউএনওর স্ত্রী আফিয়া বেগমের বাবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তাঁর এক ভাই যুক্তরাষ্ট্র এবং এক ভাই যুক্তরাজ্য-প্রবাসী। ২০০৭ সালের ২৩ ফেব্রুয়ারি জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামের বাসিন্দা বদরুল হকের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বদরুল হক স্ত্রীকে তাঁর বাবা ও ভাইদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা এনে দেওয়ার জন্য চাঁপ দিতে শুরু করেন। বাধ্য হয়ে গত বছর তিনি যুক্তরাজ্য-প্রবাসী ভাইয়ের কাছ থেকে আট লাখ টাকা এনে স্বামীকে দেন। এর কয়েক দিন পর বদরুল ঢাকায় স্ত্রীর ওই ভাইয়ের একটি বাড়ির দিকে নজর দেন। বাড়িটি তাঁর নামে লিখে দেওয়ার দাবি করেন তিনি। কিন্তু বাড়ি লিখে দেওয়ার ব্যবস্থা না করায় বদরুল তাঁর স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। সর্বশেষ গত ১৪ নভেম্বর ঈদের ছুটিতে বদরুল স্ত্রীকে জৈন্তাপুরে নিজের বাড়িতে নিয়ে বিভিন্নভাবে চাঁপ দিতে শুরু করেন। ঈদের পরপরই বাড়ি লিখে দেওয়ার ব্যবস্থা করা না হলে তাঁকে মেরে ফেলার হুমকিও দেন তিনি। একপর্যায়ে ১৬ নভেম্বর থেকে বদরুল স্ত্রীকে একটি ঘরে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন। ওই অবস্থায় গত ১৮ নভেম্বর যুক্তরাজ্য-প্রবাসী ওই ভাই ও বোনের ছেলে ঈদ উপলক্ষে বদরুলের বাড়িতে যান। তখন তাঁরা অসুস্থ অবস্থায় আফিয়াকে মুক্ত করে কানাইঘাটে নিয়ে যান।আফিয়া বেগম জানান, ওই ঘটনার পর থেকে তিনি দুই বছরের মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আছেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘স্বামী প্রশাসনের কর্মকর্তা হওয়ায় আত্মসম্মানের ভয়ে এত দিন নীরবে নির্যাতন সয়ে এসেছি। কিন্তু আর সহ্য করতে পারছিলাম না। নিরুপায় হয়ে মামলা করেছি। এখন তিনি (বদরুল) মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন।’মামলা এবং স্ত্রীর অভিযোগের বিষয়ে মুঠোফোনে ইউএনও বদরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যে কিছু সমস্যা হয়েছিল। এগুলো নিতান্তই ঘরোয়া ও পারিবারিক। তবে তা মিটমাট হয়ে গেছে। কিন্তু কিছু লোকের কারণে ঘরের বিষয়টি মামলা পর্যন্ত গড়িয়েছে।’