সিলেট এমসি কলেজে ক্লাস শুরু আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে শিক্ষা কার্যক্রম আগামীকাল বুধবার শুরু হতে যাচ্ছে। কলেজটির ছাত্রাবাস পোড়ানোর ঘটনার কোনো সুরাহা না করেই কলেজ খুলে দেওয়ায় ওই ছাত্রাবাসের বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে অধ্যক্ষ বরাবর সঞ্চারকলিপি দিয়েছেন।কলেজ সূত্র জানায়, ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের জেরে এমসি কলেজের ঐতিহ্যবাহী ছাত্রাবাসে ৮ জুলাই অগ্নিসংযোগ করা হয়। অগ্নিসংযোগের ঘটনা তদন্তে গঠিত কমিটির কার্যক্রম পরিচালনা এবং ছাত্রসংগঠনগুলোর মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজের পাঠদান কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে কলেজের প্রশাসনিক কার্যক্রম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, শিক্ষার পরিবেশ রক্ষায় ছাত্রসংগঠনগুলোর মনোভাব সহনশীল হতে হবে। কলেজ খোলার প্রথম দিনে সার্বিক পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখা হবে এবং ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।অগ্নিসংযোগের ওই ঘটনায় ছাত্রাবাসের তিনটি ব্লকের বেশ কয়েকটি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ছাত্রাবাস-তত্ত্বাবধায়ক বাদী হয়ে একটি মামলা করেন। ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ছাত্রাবাস থেকে বিতাড়িত করতে ছাত্রলীগ ওই অগ্নিসংযোগ করে বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি এবং মহানগর পুলিশের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে ঘটনার প্রায় দুই মাস পেরোলেও কোনো কমিটিই তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়েই কলেজ খুলে দেওয়ার বিরোধিতা করে ছাত্রাবাসের ক্ষতিগ্রস্ত ছাত্ররা গত রোববার অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্র প্রথম আলোকে বলেন, ঘটনার পর তিনটি তদন্ত কমিটি হলো। মন্ত্রীরা আশ্বাস দিলেন, এর পরও অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে কলেজ খুলে দেওয়ায় বিশেষ করে ছাত্রাবাসে আতঙ্ক বিরাজ করছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে উল্লেখ করে অধ্যক্ষ বলেন, আগুনে ভস্মীভূত ছাত্রাবাস সংস্কারে ইতিমধ্যে প্রায় ছয় কোটি টাকার একটি প্রকল্প-প্রস্তাব শিক্ষামন্ত্রীকে দেওয়া হয়েছে।