একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সিলেট শিক্ষা বোর্ডের নীতিমালায় আছে সিলেট বিভাগীয় সদরের কলেজগুলোতে ৯০ ভাগ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে।অবশিষ্ট ১০ ভাগ আসনের মধ্যে তিন ভাগ বিভাগীয় সদরের বাইরের (যেকোনো অঞ্চলের) শিক্ষার্থীদের জন্য, পাঁচ ভাগ মুক্তিযোদ্ধার সন্তান অথবা সন্তানদের সন্তান এবং অবশিষ্ট দুই ভাগ শিক্ষা মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহ, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির (গভর্নিং বডি) সদস্যদের জন্য সংরক্ষিত। যদি প্রার্থী না পাওয়া যায় তবে সাধারণ কোটায় ভর্তি করা যাবে।শিক্ষা বোর্ডের নীতিমালায় কোটা পদ্ধতিতে ১০ ভাগ শিক্ষার্থী ভর্তির কথা। এ কোটায় প্রার্থী থাকা সত্ত্বেও সিলেটের এমসি কলেজ কর্তৃপক্ষ যোগ্যতা দিয়ে দেওয়ায় কোটা শুধু নীতিমালার মধ্যেই পড়ে থাকার উপক্রম হয়েছে। কলেজ কর্তৃপক্ষ কোনো শিক্ষার্থীর ভর্তির যোগ্যতা আগেই জিপিএ-৫ নির্ধারণ করে দিয়েছে। কিন্তু কোটা সুবিধাপ্রাপ্ত অনেক শিক্ষার্থীই জিপিএ-৫ না পাওয়ায় তারা ভর্তির আবেদন পর্যন্ত করতে পারছে না।শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, কোটা পদ্ধতি রাখাই হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ বিশেষ কিছু শিক্ষার্থীর পড়াশোনায় একটু বাড়তি সুবিধা দেওয়ার জন্য। কিন্তু সেটা অনুসরণ করে যেসব শিক্ষার্থী কোটা পদ্ধতির সুবিধা ভোগ করবে, তাদের অধিকাংশই জিপিএ-৫ পায়নি। ফলে জিপিএ-৫ প্রাপ্তদের দিয়ে ওই কোটা পূরণ হওয়ার সম্ভাবনাও নেই। সম্প্রতি এমসি কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় এ নিয়ে একজন অভিভাবক ক্ষোভের সঙ্গে বলেন, ‘কোটা প্রণয়ন করা হয়েছে বিশেষ বিবেচনার জন্য। এ বিবেচনা রক্ষায় যোগ্যতাটাও শিথিল করা যেত। ওই কোটা পূরণ করতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে যারা জিপিএ-৫-এর কাছাকাছি রয়েছে, তাদের ভর্তি করা যেত। এ রকম হলে কোটা পদ্ধতি চালু করার দরকারই বা ছিল কোথায়? এটা এক ধরনের প্রতারণা!’ এ ব্যাপারে এমসি কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার বলেন, ‘ভর্তি বিজ্ঞপ্তিতে কোটা পদ্ধতিতে ভর্তির নীতিমালার পাশাপাশি অপর আরেকটি নীতিমালা রয়েছে যে ব্যতিক্রমী ক্ষেত্রে, কোনো কলেজে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে। এ নীতিমালা অনুসরণ করেই আমরা প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা ন্যূনতম জিপিএ-৫ নির্ধারণ করে দিয়েছি।’এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ শর্ত পূরণ না হলে ওই কোটায় কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারবে না। এ ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী এসব আসন পূরণ করা হবে।’ ১০ ভাগ কোটা শেষ পর্যন্ত ভর্তির সাধারণ পর্যায়ে অন্তর্ভুক্ত করা হলে সেখানেও স্বচ্ছতা থাকবে কি না—এ নিয়েও শিক্ষার্থীদের অভিভাবকেরা সংশয় প্রকাশ করেছেন। কোটায় ভর্তি হতে পারে—এমন কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকেরা বিষয়টি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে পুনর্বিবেচনার আহ্বান জানান।সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার বলেন, ‘নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে। সেই ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করার পর কোটা পদ্ধতি অনুসরণ করা যাবে। ন্যূনতম যোগ্যতা নির্ধারণের পর যদি কোটাসুবিধা ভুক্তভোগীরা আবেদন না করতে পারে—তবে তো আর করার কিছুই নেই।’