সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিলে গতকাল শনিবার ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। একই দিন কুমিল্লার চান্দিনা উপজেলার গোমতায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
গোয়াইনঘাট থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে জাফলং থেকে সিলেটগামী অটোরিকশা তামাবিল পয়েন্টে পৌঁছালে জাফলংমুখী কয়লাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিলেটের বটেশ্বর এলাকার কাপড় ব্যবসায়ী ফরিদ মিয়া (৫৫), সদর উপজেলার অটোরিকশাচালক মির হোসেন (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার মনির হোসেন (৫০) নিহত হন। গুরুতর আহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে চান্দিনার গোমতা এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে মাইক্রোবাসের চালক নজরুল ইসলাম (৩৬) ঘটনাস্থলেই মারা যান। তিন যাত্রীও গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।