সিলেট ও কুলাউড়ায় আ.লীগের ১৭ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় সিলেটের বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় এবং মৌলভীবাজারে ১৭ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ। গত সোমবার তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার রাতে সিলেট জেলা কমিটি জরুরি সভা করে বিশ্বনাথ উপজেলায় পাঁচজন, গোলাপগঞ্জে চার ও দক্ষিণ সুরমায় চারজন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়। গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিশ্বনাথ উপজেলায় দেওকলস ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ফখরুল ইসলাম, বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছয়ফুল হক, খাজাঞ্চীতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পীর লিয়াকত হোসেন, রামপাশায় উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান ও দৌলতপুর ইউপিতে আছাব উদ্দিন; গোলাপগঞ্জ উপজেলায় গোলাপগঞ্জ সদর ইউপিতে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদ, ভাদেশ্বরে রুমেল সিরাজ, লক্ষ্মণাবন্দে আশরাফুজ্জামান ও লক্ষ্মীপাশায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কবির আহমদ; দক্ষিণ সুরমায় মোগলাবাজার ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. চুনু মিয়া, দাউদপুরে নুরুল ইসলাম আলম এবং সিলাম ইউপিতে এম কে করিম কাওছার ও মুজিবুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
কুলাউড়া উপজেলায় চারজন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার করার বিষয়টি সোমবার বিকেলে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদের সই করা সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে। বহিষ্কৃত ব্যক্তিরা হলেন উপজেলার টিলাগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা কমিটির কোষাধ্যক্ষ আবদুল মালিক, শরীফপুরে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির আইনবিষয়ক সম্পাদক খলিলুর রহমান, হাজীপুরে যুবলীগের ইউনিয়ন কমিটির সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান এবং পৃথিমপাশা ইউপিতে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ জুয়েল। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ তাঁদের সাময়িক বহিষ্কার করার সত্যতা নিশ্চিত করেছেন।