সিলেট ও নরসিংদীতে চার পুলিশ বরখাস্ত
পৃথক অভিযোগে সিলেটে তিনজন এবং নরসিংদীতে এক পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।সিলেটে বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আল-মামুন, কনস্টেবল মো. মোকসেদ ও নয়ন আহমদ। নিয়মবহির্ভূতভাবে অভিযানে যাওয়া এবং পিস্তল ও ওয়ারলেসসেট ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত না করায় তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সোমবার এই আদেশ হয়েছে বলে সিলেট মহানগর পুলিশ কমিশনার (এসএমপি) অমূল্য ভূষণ বড়ুয়া নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে সিলেট শহরতলির লাক্কাতুরা চা-বাগান এলাকায় এএসআই আল-মামুনের ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাঁর পিস্তল ও ওয়ারলেসসেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই ওয়ারলেসসেটটি উদ্ধার করলেও পিস্তলের সন্ধান গতকাল সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ জানায়, পিস্তল উদ্ধারে র্যাব-পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।অন্যদিকে নরসিংদীতে এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই শরিফ আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত রোববার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে সংবাদিকদের এ কথা জানানো হয়। সূত্র জানায়, শরিফ প্রায়ই ফোনে ওই গৃহবধূকে বিরক্ত করতেন। গত শনিবার গৃহবধূ একা অবস্থায় থাকাকালে শরিফ বাসায় ঢুকে তাঁর শ্লীলতাহানির চেষ্টা চালান। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে শরিফ আহমেদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।