সিলেট ও নাসিরনগরে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরতলির কেওয়াছড়া এলাকায় গত রোববার রাতে মনিরউদ্দিন নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ব্রহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একই রাতে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় লিটন নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমাদে প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার খাদিমনগর এলাকার বাসিন্দা মকবুল আলীর ছেলে মনিরউদ্দিন (৩০) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকায় মাটিকাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষ করে তিনি হেঁটে বাড়ি ফিরছিলেন। সিলেট শহরতলির কেওয়াছড়া চা-বাগানের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। সেখানে ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে সিলেট কোতায়ালি থানায় গতকাল মামলা করেছেন নিহত মনিরের ভাই আজির উদ্দিন। তিনি জানান, এলাকায় আধিপত্য নিয়ে একটি পক্ষের সঙ্গে তাঁদের বিরোধ আছে। তারাই তাঁর ভাইকে খুন করেছে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): নাসিরনগর থানার পুলিশ গতকাল সোমবার উপজেলার হাওর এলাকা থেকে মো. এনাম খাঁ (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামে। তিনি কৃষিকাজ করতেন।পারিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, গত রোববার রাতে অজ্ঞাত এক ব্যক্তি এনাম খাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর বাড়ি ফেরননি। গতকাল পুলিশ বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে হাওর এলাকা থেকে এনাম খাঁর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, নিহত এনামের ছোট ভাই মুনায়মে খাঁ ১৪ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত্যা। এনাম খাঁর বিরুদ্ধে নাসিরনগর থানায় হত্যা মামলাসহ পাঁচ-ছয়টি মামলা রয়েছে।সিরাজদিখান: সিরাজদিখান উপজেলায় নিহত লিটনের (৩০) স্ত্রী আনোয়ারা বেগম অভিযোগ করেন, স্থানীয় নাসির ও জাহিদ শিকদার গত রোববার রাতে তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারা লিটনকে নির্যাতন করে রাতেই পুলিশের হাতে তুলে দেয়। তাঁর স্বামী ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। জাহিদ শিকদারের কথামতো কাজ না করায় তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কামরুল ইসলাম জানান, রাত ১১টার দিকে কয়েকজন যুবক লিটনকে সিরাজদিখান থানায় দিয়ে যায়। তারা অভিযোগ করে, অসামাজিক কাজের সময় লিটনকে হাতেনাতে ধরে এলাকাবাসী পিটুনি দিয়েছে। রাত ১২টার দিকে লিটনের অবস্থা খারাপ দেখে পুলিশ তাঁকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আরও খারাপ হলে তাঁকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। রাত তিনটার দিকে তিনি মারা যান। লিটনের বাড়ি সিরাজদিখান উপজেলার নীমতলী এলাকায়।