সিলেট ও নেত্রকোনায় দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাকে হত্যার দায়ে ছেলে ফয়জুর রহমানকে (২২) গতকাল বুধবার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই দিন নেত্রকোনার কেন্দুয়ায়ও স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রুবেল মিয়াকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
ফয়জুর জৈন্তাপুরের পানিছড়া গ্রামের মো. আবদুল খালিকের ছেলে। রুবেল কেন্দুয়ার স্বল্পমাইজহাটী গ্রামের শারফুল জামানের ছেলে।
সিলেটের আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২০০৯ সালের ১২ মার্চ ফয়জুর তাঁর মা ছিদ্দিকা বেগমকে (৪০) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় ফয়জুরের বাবা আবদুল খালিক বাদী হয়ে ফয়জুরকে আসামি করে হত্যা মামলা করেন। ওই বছরের ২৮ জুন ফয়জুরকে অভিযুক্ত করে থানার উপপরিদর্শক (এসআই) মো. বাদশাহ আলম অভিযোগপত্র দাখিল করেন। ২০১১ সালের ১৭ এপ্রিল থেকে মামলার বিচারকার্য শুরু হয়। সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. মঈদুল ইসলাম গতকাল ফয়জুরকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। ফয়জুর পলাতক রয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সিলেটের বিশেষ পিপি নওশাদ আহমদ চৌধুরী জানান, ১১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ফয়জুরকে ওই দণ্ড দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, কেন্দুয়ার স্বল্পমাইজহাটী গ্রামের রুবেল একই গ্রামের আবদুল জলিলের মেয়ে ফাতেমা খাতুনকে (২২) বিয়ে করেন। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ লেগেই থাকত। এ ছাড়া রুবেল যৌতুকের দাবিতেও ফাতেমাকে মারধর করতেন। একপর্যায়ে ২০০৯ সালের ২৫ আগস্ট সন্ধ্যায় ফাতেমাকে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন রুবেল। এ ঘটনায় পরদিন ২৬ আগস্ট নিহত ব্যক্তির বড় ভাই শফিকুল ইসলাম থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে রুবেলকে অভিযুক্ত করে ২৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে সাক্ষ্য-প্রমাণ শেষে গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ ওই রায় দেন। এ সময় রুবেল আদালতে উপস্থিত ছিলেন।
মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো.আবদুল কাদির ভূঁইয়া। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. শামছুদ্দিন আহম্মদ।