সিলেট ও বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
বরগুনার আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা এলাকায় আজ বুধবার বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হন।
বরগুনায় নিহত দুজন হলেন জালাল উদ্দীন (৩৫) ও সিদ্দিকুর রহমান (৩২)। তাঁদের বাড়ি আমতলী উপজেলার বাদুরগাছা গ্রামে।
সিলেটে নিহত ব্যক্তিরা হলেন গোলাপগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামের হুমায়ুন কবীর আফাজ (৩৫), তাঁর মা লাল বানু (৭০) ও ছেলে রায়হান (১১)।
বরগুনা: বেলা সাড়ে ১১টার দিকে আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা মোড়ে ট্রাফিক চেকপোস্ট বসিয়ে সড়কে যানবাহনের কাগজপত্র পরীক্ষা চলছিল। এ সময় থেমে থাকা ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে আরোহী সিদ্দিকুর রহমান ফকির মারা যান। আহত অন্য আরোহী জালাল উদ্দিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আমতলী থানার পুলিশ দুর্ঘটনাস্থল থেকে বাসটি আটক করেছে। বাসচালক পালিয়ে গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
সিলেট: সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি মো. মুরছালিন জানান, সিএনজিচালিত অটোরিকশাটি সিলেটের দিকে আসছিল। পাঁচমাইল নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আজ দুপুর একটার দিকে দক্ষিণ সুরমার পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হুমায়ুন কবীর এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রায়হান ও লাল বানু মারা যান। আহত হয়েছেন ওই পরিবারের আরেক সদস্যসহ দুজন। হুমায়ুন কবীর সিলেট বনবিভাগে চাকরি করতেন।