সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা গতকাল সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমপ্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি চালুর প্রতিবাদে শিক্ষার্থীরা এ আন্দোলন করেন। একই কারণে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা গতকাল সব ভবন তালাবদ্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করেছেন।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ফলে গতকাল ভেটেরিনারি অনুষদের কোনো পরীক্ষা ও ক্লাস হয়নি। শিক্ষার্থীরা এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। সকাল সাড়ে নয়টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত শিক্ষার্থীরা ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ভবনে তালা ঝুলিয়ে দেয়। বেলা ১১টার দিকে ওই অনুষদের শিক্ষকেরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলে তালা খুলে দেওয়া হয়।দুপুর একটার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় শিক্ষার্থীরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে তাঁর কুশপুত্তলিকা দাহ করেছেন।এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নতুন করে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি চালুর প্রক্রিয়া বন্ধসহ তিন দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা গতকাল অনুষদের সব ভবন তালাবদ্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ওই অনুষদের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছেন।প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, পবিপ্রবির অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি চালুর প্রক্রিয়া বন্ধ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ডিগ্রি না খোলার নিশ্চয়তা প্রদান, পবিপ্রবির উপাচার্য পদ থেকে অধ্যাপক সৈয়দ সাখাওয়াত হোসেনকে অপসারণ এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এন্ট্রি লেভেলের সব পদে পাঁচ বছর মেয়াদি ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ডিগ্রিধারীদের অগ্রাধিকারের দাবিতে গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই অনুষদের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে ধর্মঘট পালন করেন। একই সঙ্গে অনুষদের সব ভবন তালাবদ্ধ করে রাখায় শিক্ষক কর্মকর্তা-কর্মচারী কেউই গতকাল অফিসে প্রবেশ করতে পারেননি। ফলে ওই অনুষদের প্রশাসনিক কর্মকাণ্ডেও স্থবিরতা দেখা যায়।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবু হাদী নূর আলী খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেদিকে নজর রাখছি। সেই সঙ্গে শিক্ষার্থীদের সমস্যা কীভাবে সমাধান করা যায় সে ব্যাপারেও চেষ্টা চলছে।