সিলেট ও মৌলভীবাজারে শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউপির ইসলামপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন l ছবি: প্রথম আলো
​সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউপির ইসলামপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন l ছবি: প্রথম আলো

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ছয়টি ও গোয়াইনঘাট উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণ ভোট হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখার ১৫টি ইউপি নির্বাচনও শান্তিপূর্ণ হয়েছে।
কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার কয়েকটি ইউপির অন্তত ১৮টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালের দিকে ভোটারদের উপস্থিতি ছিল খুব বেশি। বেলা তিনটার পর থেকে প্রায় কেন্দ্রই ভোটারবিহীন হয়ে পড়ে। তবে এসব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউপির বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুব্রত কুমার দে প্রথম আলোকে জানান, মোট ১ হাজার ৩৫৯ ভোটের মধ্যে বেলা একটা পর্যন্ত ৯৯৮ ভোট পড়ে। বেলা তিনটার এ সংখ্যা দাঁড়ায় ১ হাজার ১৫৪ ভোট।
একই ইউপির বন্নি মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাসিমের এজেন্ট ফয়সল আহমদ ও বিএনপির প্রার্থী মো. আবদুছ ছোবহানের এজেন্ট ফয়জুর রহমান বলেন, শান্তিপূর্ণ ভোট হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান বলেন, প্রার্থী-ভোটার থেকে শুরু করে নির্বাচনীকাজে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় কোনো ধরনের সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে দুই উপজেলার ১৩টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার: গতকাল জুড়ীর পাঁচটি ও বড়লেখার ১০টি ইউপিতে নির্বাচন হয়েছে। দুটি উপজেলার বেশ কটি কেন্দ্র ঘুরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।
সকাল নয়টার দিকে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউপির বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে পাওয়া যায় ভোট উৎসবের আমেজ। ভোটকেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ সারি। বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির হাতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, নারী ভোটারের দীর্ঘ সারি। সেখানে রাঙাউটি গ্রামের তমাল বালা বলেন, ‘রইদের মদ্যে দাঁড়াইয়া তালু জ্বলিজার।’ পশ্চিম হাতলিয়া গ্রামের আবদুল মান্নান একা চলতে পারেন না। স্বজনদের সহযোগিতা নিয়ে রিকশায় করে কেন্দ্রে এসেছেন।