সিলেট ও মৌলভীবাজারে চা-শ্রমিকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চা-শ্রমিক জনগোষ্ঠী সীমাহীন শোষণ-বঞ্চনা, প্রতারণা, দারিদ্র্য, পুষ্টিহীনতা, শিক্ষা ও চিকিৎসাহীন অবস্থায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। বর্তমান বাজারে এক কেজি চালের দাম যেখানে ৪০ থেকে ৫০ টাকা, সেখানে একজন চা-শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ৪৮ টাকা। চা-শ্রমিকদের প্রতি এ রকম নানা ধরনের বৈষম্য দিনের পর দিন চলে আসছে।গতকাল রোববার বেলা একটায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন চা-শ্রমিকেরা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাজিয়া জামান।সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বীরেন সিং। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন প্রবীণ বাম রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মো. আরশ আলী, বাসদ সিলেট জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, চা-শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক হূদেশ মুদি প্রমুখ। পুরো সমাবেশ সঞ্চালন করেন প্রণব জ্যোতি পাল।সমাবেশে সিলেটের মালনীছড়া চা-বাগানের সন্তোষ নায়েক, সন্তোষ বাড়াইক, শান্তি যাদব, লাক্কাতুরা চা-বাগানের আইনাল হক, আমেনা বেগম, শেলী দাস, তারাপুর চা-বাগানের চৈতন মুদি, সুনীল মুদি, হিলুয়াছড়া চা-বাগানের বিমল গঞ্জুসহ প্রমুখ চা-শ্রমিকনেতা উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর পাঠানো স্মারকলিপিতে চা-শ্রমিকেরা সরকার ও চা-বাগানের মালিকদের প্রতি সাত দফা দাবি জানিয়েছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: চা-শ্রমিকদের দৈনিক মজুরি ২০০ টাকা নির্ধারণ, রেশন হিসেবে সপ্তাহে পাঁচ কেজি উন্নতমানের চাল প্রদান, প্রতিটি বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও বসতভিটার স্থায়ী মালিকানা প্রদান।এদিকে একই দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখা। গতকাল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন চা-শ্রমিকনেতা মো. সমীর উদ্দীন (লালবাবু) এবং পরিচালনা করেন দীপঙ্কর ঘোষ। বক্তব্য দেন বাসদ মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মঈনুর রহমান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা সিরাজ উদ্দিন আহমদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, ন্যাপ জেলা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী নিহারেন্দু হোম, বাসদ জেলা কমিটির সদস্যসচিব মামুনুর রশীদ, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আবদুল মতিন, করিমপুর চা-বাগানের শ্রমিকনেতা জয়তপু মাস্টার ও বিমল বিহারী বাগতী, মিরতিংগা চা-বাগানের শ্রমিক ও ইউনিয়ন পরিষদের সদস্য ধনা বাউরি, চা-শ্রমিকনেতা মুক্তিযোদ্ধা শ্যাম নারায়ণ গৌড়, করিমপুর চা-বাগানের শ্রমিক ও ইউনিয়ন পরিষদের সদস্য বিপ্লব মাদ্রাজি পাশি, চা-শ্রমিকনেতা আবুল কালাম আজাদ, বাবুল তেলী প্রমুখ।সমাবেশ শেষে চা-শ্রমিক ফেডারেশনের নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কাওসার।