সিলেট ও ময়মনসিংহে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরে গত মঙ্গলবার রাতে সায়েম আহমদ (২৪) নামের এক পিকআপভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে ময়মনসিংহের নান্দাইলে গতকাল বুধবার কেরামত আলী (৬০) নামের এক বৃদ্ধকে প্রতিপক্ষের লোকজন খুন করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সায়েম নগরে পিকআপভ্যান চালাতেন। মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি নগরের সোবহানীঘাট থেকে মালামাল নিয়ে ধোপাগুল যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ধোপাগুল পয়েন্টে পৌঁছামাত্র একদল দুর্বৃত্ত পিকআপভ্যান থামিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে সিলেট মহানগরের বিমানবন্দর থানার পুলিশ। সায়েমের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম তেলিপাড়া গ্রামে।
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল বুধবার সায়েমের ভগ্নিপতি আবদুল কাইয়ুম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের আসামি করে একটি মামলা করেছেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।
এদিকে গতকাল সকালে নান্দাইলের পংকরহাটি-ধনারামা গ্রামে কেরামতের সঙ্গে জমির আইল কাটা নিয়ে তাঁর ভাগনে বুলবুল ইসলামের তর্ক হয়। এ সময় কেরামতের দিকে একটি ইট ছুড়ে মারেন বুলবুল। ইটের আঘাতে কেরামত মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কেরামতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবীর জানান, কেরামতের ছেলে জসিম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিরোজা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।