সিলেট ও ময়মনসিংহে নারীসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইলে পৃথক ঘটনায় গতকাল মঙ্গলবার নারীসহ তিনজন নিহত হয়েছেন।গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুলুম ছড়া গ্রামে স্বামী সেবুল মিয়ার (২৫) শাবলের আঘাতে আকলিমা (২০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। গ্রামবাসী সেবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেবুল মিয়াকে আটক করে গোয়াইনঘাট থানায় আনা হয়েছে।এদিকে ঈশ্বরগঞ্জের সৈয়দ ভাকুরি গ্রামে এক ব্যক্তি নিহত হয়েছেন। জমিসংক্রান্ত বিরোধ নিয়ে জলিল উদ্দিনের (৫৫) সঙ্গে ছোট দুই ভাই ইসলাম উদ্দিন ও মুনসুর উদ্দিনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জলিল মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত জলিলের বড় ভাই হাসিম উদ্দিন জানান, ২ শতাংশ জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য গতকাল দুপুরে মাপজোখের ব্যবস্থা করা হয়। মাপে অনিয়মের অভিযোগ এনে ছোট ভাই ইসলাম ও মুনসুর জলিলের ওপর ক্ষুব্ধ হয়ে আক্রমণ করেন।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুই ভাই পলাতক।অপরদিকে নান্দাইল উপজেলায় আ. রশিদ (৪৮) নামের এক কৃষক প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার মুশুলি ইউনিয়নের কামালপুর বিলপাড় গ্রামে। রশিদের ভাতিজা স্কুলছাত্র মামুন মিয়া জানায়, বিকেলে আ. রশিদের ছেলে ইব্রাহিম মিয়া (১৮) খেতে আগাছা পরিষ্কার করতে যান। এ সময় সদর উদ্দিনের লোকজন তাঁকে মারধর করেন। চিত্কার শুনে বাবা রশিদ, চাচা হেলিম ও পরিবারের লোকজন ইব্রাহিমকে বাঁচাতে গেলে সদর উদ্দিনের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পেটাতে থাকেন। এতে কৃষক আ. রশিদ নিহত হন। এ ঘটনায় আহত চারজনকে নান্দাইল ও কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম জানান, ক্ষুব্ধ লোকজন মুসলেম উদ্দিন (৫৮) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।