সিলেট ও রাজবাড়ীতে আ.লীগের ২৮ জন বহিষ্কৃত
দলীয় নির্দেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় সিলেটে দল থেকে ১০ জনকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। আর দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনের প্রচারণা চালানোর অভিযোগে রাজবাড়ীতে আওয়ামী লীগ ১৮ জনকে সাময়িক বহিষ্কার করেছে।
বহিষ্কৃত নেতারা সিলেটের জকিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার। জকিগঞ্জের ছয়টি ও গোয়াইনঘাট উপজেলার একটি ইউপিতে আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। গত রোববার রাতে সিলেট জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সোমবার উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বহিষ্কার হওয়া নেতারা হলেন জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউপির সালেহ আহমদ; খলাছড়া ইউপির আবদুল গফুর ও মাসুক আহমদ; কাজলসার ইউপির জহিরুল হক, আতিকুল ইসলাম ও আবদুল গফুর; সুলতানপুর ইউপির রফিকুল ইসলাম, বারঠাকুরী ইউপির জামাল উদ্দিন, কসকনকপুর ইউপির আলতাফ উদ্দিন লস্কর এবং গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউপির ইয়াকুব আলী।
বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনের প্রচারণা চালানোর অভিযোগে ১৮ জনকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত ২৩ এপ্রিল উপজেলার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সাময়িক বহিষ্কৃত নেতারা হলেন নারুয়া ইউপির সভাপতি আবদুল খালেক, লিয়াকত আলী খান, আবদুর রাজ্জাক; ইসলামপুরের শাহজাহান; বহরপুরের সাবু মোল্যা, লিয়াকত আলী, আবদুর রশিদ; নবাবপুরের হাসেনুর রফিক, কালাম ফকির, ফজলুল হক, আজম হোসেন; বালিয়াকান্দি সদর ইউপির আবদুল ওহাব মোল্যা; জামালপুরের বারেক আলী সরদার, কামরুল হোসেন, ওহিদ মীর, ইমদাদুল হক শামিম, কামাল সরদার ও আবুল কালাম মণ্ডল।