সিলেট ও লালমনিরহাটে তিনটি ‘সীমান্ত হাট’ এ বছর চালু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় তিনটি ‘সীমান্ত হাট’ চলতি বছরেই চালু হবে। এ জন্য আগামী মে মাসে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ হাটের সময়সীমাসহ অন্যান্য বিষয় ঠিক করা হবে। এ হাটে দুই দেশের মানুষই পণ্য কেনাবেচা করতে পারবে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সভায় একজন সাংসদ সীমান্ত হাট সম্পর্কে সরকারের অগ্রগতি জানতে চান। জবাবে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস সীমান্ত হাট সম্পর্কে সরকারের কাজের অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করেন।সভা সূত্রে জানা গেছে, প্রথম দফায় পরীক্ষামূলক প্রকল্পের আওতায় সিলেট অঞ্চলে দুটি ও লালমনিরহাটে একটি সীমান্ত হাট চালু হবে। পরে অন্য সীমান্ত এলাকাগুলোতেও এ ধরনের হাট বসানোর উদ্যোগ নেওয়া হবে। নিত্যপ্রয়োজনীয় সবকিছুই এসব হাটে বৈধভাবে কেনাবেচা হবে। হাটে বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য এবং ভারতের মানুষ বাংলাদেশি পণ্য কেনাবেচা করতে পারবেন।সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার সুপারিশ করা হয়।