সিলেট ও সিরাজগঞ্জে থানায় ককটেল নিক্ষেপ
সিলেট নগরের জালালাবাদ ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় থানায় ককটেল হামলা চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
সিলেট: গতকাল রাত পৌনে ১২টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে জামায়াত-শিবিরের কর্মীরা নগরের জালালাবাদ থানার বাইরে থেকে দেয়ালের ভেতর কয়েকটি ককটেল ছোড়েন। এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাউছুল আলম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলাকারীরা জামায়াত-শিবিরের কর্মী। এ ঘটনার তদন্ত চলছে।
সিরাজগঞ্জ : গতকাল রাতে উল্লাপাড়া থানায় দুটি ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। তবে কেউ হতাহত হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা প্রথম আলো ডটকমকে জানান, কে বা কারা ককটেল দুটি ছুড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে তদন্ত চলছে।
এ ঘটনার পর উল্লাপাড়া থানার কাছে সমরকুণ্ড পাটের গুদামে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত থেকেই আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নেভেনি।
উল্লাপাড়া এলাকার চারটি দোকান ও বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া সয়দাবাদ, বানিয়াগাতি ও উল্লাপাড়ায় চারটি ট্রাকে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। চণ্ডীদাসগাতী ও পুঁটিরচর এলাকায় সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের দুটি বেইলি ব্রিজের পাটাতন তুলে ফেলেছেন তাঁরা। পূর্ণিমাগাতী এলাকার নগরবাড়ী-বগুড়া মহাসড়কে ব্রিজের ওপরের ঢালাই তুলে ফেলা হয়েছে। এ মহাসড়কের অনেকটা এলাকাজুড়ে গাছ ফেলে অবরোধ করে রাখা হয়েছে। এ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। হাটিকুমরুল থেকে নগরবাড়ী পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ আছে।