সিলেট ও সিরাজগঞ্জে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে গতকাল রোববার সিলেট ও সিরাজগঞ্জে মানববন্ধন হয়েছে। সিলেটে ‘বৃহত্তর সিলেটের আদিবাসী জনগোষ্ঠী’র ব্যানারে ও সিরাজগঞ্জে ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), চাকমা রাজা দেবাশীষ রায়, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং তাঁর স্ত্রী মিতালী চিসিম সন্ত্রাসীদের হামলার শিকার হন। কিন্তু এসব হামলার পর সন্ত্রাসীদের কেউই এখনো গ্রেপ্তার হয়নি। এসব হামলার ঘটনা আদিবাসী জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের বাস্তবচিত্র। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগ্রাম সিংহ, এন্ড্রু সলোমার, গৌরাঙ্গ পাত্র, যোসেফ হাউয়ে, সুমেলা পাত্র, রাকেশ রায়, মিন্টু দেশোয়ারা প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি এসব দাবিতে কর্মসূচির আয়োজকেরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপি সিলেটের জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে।ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে গতকাল বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন নির্মল কুমার মাহাতো, সুশীল কুমার মাহাতো, রামপ্রসাদ, হিতেন উড়াও, রণজিত্ বসাক, পলাশ মুড়ারী প্রমুখ। বক্তারা আদিবাসী নেতাদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানান।