সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাহাড়ি ঢলে কালভার্ট ভেঙে দুই ইউনিয়নের আট গ্রামের মানুষ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত বুধবার রাতে পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজার-ভাটেরা কালভার্ট ভেঙে পড়ে। গতকাল শুক্রবার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) একটি দল ভেঙে পড়া কালভার্ট পরিদর্শন করে।
এদিকে কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের পাঁচটি উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢলের পানিতে এসব উপজেলার শতাধিক গ্রাম, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় তাহিরপুর উপজেলার সঙ্গে বিশ্বম্ভরপুর উপজেলার যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, ধলাই নদ দিয়ে পাহাড়ি ঢল নামা শুরু হয় গত বুধবার থেকে। রাতে ঢলের তোড়ে কালভার্টের একাংশ ভেঙে পড়লে বৃহস্পতিবার থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশ এলাকার মানুষ। ওই কালভার্টটি দিয়ে পূর্ব ইসলামপুর ইউনিয়নের পাঁচটি গ্রাম ও পাশের রনিখাই ইউনিয়নের তিনটি গ্রামের মানুষ উপজেলা সদরে যাতায়াত করে।
গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে এলজিইডির কোম্পানীগঞ্জ উপজেলার প্রকৌশলী হিমেল দাশ জানান, ভেঙে পড়া কালভার্ট দ্রুত সংস্কার করার মতো অবস্থা না থাকায় একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হচ্ছে। আজ শনিবার থেকে এলাকাবাসী সাঁকো ব্যবহার করতে পারবে।
এদিকে গতকাল শুক্রবার বৃষ্টি না হওয়ায় গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। উপজেলা সদরে সড়কপথে যাতায়াতের সালুটিকর ও জৈন্তাপুরের সারীঘাটের সড়কের বেশ কিছু অংশ থেকে পানি নেমেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্ট দিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনে কোনো বৃষ্টি না হওয়ায় সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। তবে উজান থেকে পাহাড়ি ঢল নামা অব্যাহত আছে।
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর, বাদাঘাট, সলুকাবাদ ও পলাশ ইউনিয়নের অনন্ত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এই উপজেলায় ৮০০ হেক্টর রোপা আমনের জমি এবং ২০ হেক্টরের বীজতলা নিমজ্জিত হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার জানিয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানিয়েছেন, তাঁর উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলায় চলতি নদীর ঢেউয়ের তোড়ে নদীতীরে থাকা ১০ থেকে ১২টি কাঁচা ঘরবাড়ি ভেসে গেছে।
বিশ্বম্ভরপুর ছাড়াও জেলা সদর, দোয়ারাবাজার, তাহিরপুর ও ছাতক উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।