সিলেট ও হবিগঞ্জে বধ্যভূমি পরিদর্শনে তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পৃথক দুটি তদন্ত দল গতকাল শনিবার সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন করেছে। এ সময় একাত্তরের গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের ঘটনার প্রত্যক্ষদর্শী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাক্ষ্য নেওয়া হয়।বেলা ১১টার দিকে চার সদস্যের একটি তদন্ত দল সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী তামাবিল স্থলবন্দরের পাশে বধ্যভূমি পরিদর্শন করে।একাত্তরের জুলাইয়ের প্রথম সপ্তাহে তামাবিল এলাকায় পাকিস্তানি সেনা সহায়তায় দেশীয় রাজাকার-আলবদরেরা অসংখ্য মানুষকে হত্যা করে। তাঁদের মধ্যে ১৭ জনের দাফন সম্পন্ন করেন স্থানীয় একটি মসজিদের তৎকালীন ইমাম। তদন্ত দল ওই ইমামের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় ইমাম তদন্ত দলের কাছে পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীদের হাতে নিহত তৎকালীন ইপিআর সদস্য কুমিল্লার বাসিন্দা আবুল হোসেন, আবদুর রহমান, ইব্রাহিম আলী, ফজলুল হক ও চট্টগ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার পাটোয়ারিসহ মোট ১৭ জন শহীদ মুক্তিযোদ্ধাকে দাফনের বর্ণনা দেন। এ ছাড়া তাঁর দেখা অন্যান্য ঘটনারও তথ্য জানান। সেখানে ইমাম ছাড়া আরও দুজনের সাক্ষ্য গ্রহণ করে তদন্ত দল। সাক্ষ্যদাতারা তদন্ত দলকে জানান, তামাবিল এলাকায় মুক্তিযোদ্ধাদের হত্যার পাশাপাশি বেশ কয়েকজন ভারতীয় সেনা, উপজেলার নয়াবস্তি গ্রামে ২৮ জন মুক্তিযোদ্ধা এবং রাধানগর এলাকার আলমনগর গ্রামে ১৮-১৯ জন মুক্তিযোদ্ধাকে পাকিস্তানি সেনাদের সহায়তায় রাজাকার-আলবদররা হত্যা করে।এ তদন্ত দলের নেতৃত্ব দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কারী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল হান্নান খান। তদন্ত দলের সদস্য আবদুর রাজ্জাক, আবদুল আউয়াল, মনোয়ার হোসেন, সিলেট বিভাগীয় সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ইনামুল হক চৌধুরী, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফজলুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুদ্দোহা প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।দুপুর ১২টার দিকে তদন্ত দলের সদস্যরা সিলেট নগরের এমসি কলেজ বধ্যভূমি পরিদর্শনের জন্য রওনা দেন। এমসি কলেজ বধ্যভূমি পরিদর্শন শেষে তারা নগরের শাহি ঈদগাহ এলাকার আবহাওয়া অধিদপ্তরের বধ্যভূমি ও নগরের চৌহাট্টা এলাকার শহীদ সামসুদ্দিন হাসপাতালের বধ্যভূমি পরিদর্শন করে। সমন্বয়কারী আবদুল হান্নান খান সাংবাদিকদের বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আমরা তৃণমূল পর্যায়ে সাক্ষ্য গ্রহণ শুরু করেছি। পর্যায়ক্রমে তদন্ত পেশ করা হবে।’হবিগঞ্জ: পুলিশের সাবেক এএসপি মনোয়ারা বেগমের নেতৃত্বে অপর একটি তদন্ত দল গতকাল সারা দিন ধরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের ডাকবাংলো, তেলিয়াপাড়া বধ্যভূমি, সুরমা ও নোয়াপাড়া এলাকা পরিদর্শন করে। এ সময় একাত্তরের গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের ব্যাপারে মুক্তিযোদ্ধা, শহীদদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষ্য নেন। এ তদন্ত চলাকালে অনেকেই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত দলের কাছে তাঁদের বক্তব্য তুলে ধরেন এবং সর্বাত্মক সহযোগিতা দেন।মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, জেলার অন্যান্য স্থানেও পর্যায়ক্রমে তদন্তকাজ চলবে।