সিলেট ও হাজীগঞ্জে দুই প্রার্থীর বাসায় হামলা, আগুন
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে আওয়ামী লীগের প্রার্থীসহ দুই সহোদর নেতার বাড়িতে পেট্রলবোমা হামলা এবং চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় পার্টির এক প্রার্থীর বাড়ির বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক ও হাজীগঞ্জ প্রতিনিধির পাঠানো খবর:
পুলিশ জানায়, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুকউদ্দিন আহমদ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। তাঁর ছোট ভাই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ। তাঁরা একই বাড়িতে থাকেন। গত সোমবার রাত নয়টার দিকে নগরের মিরবক্সটুলা এলাকায় তাঁদের ওই বাসায় মোটরসাইকেলযোগে সাত-আটজন দুর্বৃত্ত গিয়ে পাঁচটি পেট্রলবোমা ছুড়ে মারে। এর মধ্যে জানালা দিয়ে ঘরের ভেতরে একটি ও বাইরে চারটি বোমা পড়ে। বাসার ভেতরে পড়া বোমাটি বিস্ফোরিত হলে আগুন জ্বলে ওঠে। দুর্বৃত্তরা বোমা মেরে ফিরে যাওয়ার সময় বাসার সামনে রাখা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেভান।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আয়ুব জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ধারণা করা হচ্ছে, অবরোধকারীরা এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে, চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী মো. খোরশেদ আলমের বাড়ির বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত তিনটায় উপজেলার কালচো দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় খোরশেদের পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
খোরশেদ আলমের চাচাতো ভাই টেলু মিয়া একই বাড়িতে আলাদা ঘরে থাকেন। তিনি বলেন, ‘সোমবার রাত তিনটার সময় হঠাৎ বাড়িতে একটি আওয়াজ শুনি। পরে উঠে দেখি, খোরশেদের ঘরে আগুন জ্বলছে। মুহূর্তেই আগুনের খবর আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। রাত সাড়ে তিনটায় ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। কিন্তু তার আগেই পুরো ঘর ভসঞ্চীভূত হয়।’
ঢাকায় অবস্থানরত খোরশেদ আলম মুঠোফোনে দাবি করেন, ‘আমি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জাতীয় পার্টির প্রার্থী হওয়ায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।’
হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।