সিলেট ওসমানী হাসপাতালে ‘অকাজের’ আইসিইউ ভবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে লোকবলও লাগে। লোকবল অনুমোদন না করেই ওই ভবন নির্মাণ করা হয়। পরে তাড়াহুড়ো করে উদ্বোধনও করা হয়। এ কারণে অকাজের হয়েই থাকল...!’ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যয়বহুল নিবিড় পরিচর্যাকেন্দ্র—আইসিইউ ভবন নির্মাণ ও উদ্বোধনের প্রায় পাঁচ বছর পরও ‘অকাজের’ হয়ে পড়ে থাকা প্রসঙ্গে এভাবেই বলছিলেন প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা। ১১ মার্চ হাসপাতালের চতুর্থ তলায় অস্থায়ীভাবে আইসিইউ ইউনিট উদ্বোধন করে চালু করা হয়েছে। এ প্রক্রিয়ার পর আইসিইউ ভবনটি শেষ পর্যন্ত ‘অকাজের’ হয়ে ঠায় পড়ে থাকার অবস্থার সৃষ্টি হয়েছে।হাসপাতালের জরুরি বিভাগের পাশেই প্রায় ১৫ হাজার বর্গফুটের ত্রিকোণ অবকাঠামোর আইসিইউর সুরম্য ভবন। বিগত চারদলীয় জোট সরকারের আমলের শেষ দিকে ভবনটি নির্মাণ শেষে তড়িঘড়ি করে উদ্বোধন করা হয় ২০০৬ সালের ৮ অক্টোবর। তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ভবনটির উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের পর মাত্র আধা ঘণ্টা সচল ছিল সেটি। এর পর থেকে বন্ধ হয়ে যায়। সার্বক্ষণিক তালাবদ্ধ অবস্থায় রয়েছে প্রধান ফটক। ভেতরে রয়েছে মূল্যবান যন্ত্রপাতি ও কিছু আসবাব। সামনের উন্মুক্ত আঙিনা হাসপাতালের রোগীর আত্মীয়স্বজন বিশ্রামাগার হিসেবে ব্যবহার করছেন।১১ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত হাসপাতালের চতুর্থ তলায় ১০ শয্যার অস্থায়ী আইসিইউ ইউনিটের উদ্বোধন করে বলেন, ‘এ ইউনিটের নিজস্ব ভবন ও আধুনিক সব যন্ত্রপাতি থাকা সত্ত্বেও শুধু লোকবলের অভাবে পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে অপরিকল্পিত কোনো উন্নয়ন পছন্দ করি না। যা করব, পরিকল্পিতভাবে এবং পরিপূর্ণভাবে করব।’হাসপাতাল সূত্রে জানা গেছে, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে আইসিইউ ভবন নির্মাণকাজ সম্পন্ন হয়। আইসিইউর জন্য ১০ ও ক্যাজুয়ালিটির জন্য ৩০ শয্যার এ ভবনে আসবাব ও কম্পিউটারনিয়ন্ত্রিত কিছু যন্ত্রপাতি স্থাপনে আরও ৩০ লাখ টাকা ব্যয় হয়। কিন্তু এগুলোর কিছুই কাজে আসছে না। এ জন্য খোদ হাসপাতালের কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসন বিভাগের কর্মকর্তারা আইসিইউ ভবনকে ‘অকাজের’ বলে অভিহিত করছেন।ব্যয়বহুল এ ভবনের বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘লোকবল না পাওয়ায় ওই সময় থেকে এটি চালু করা সম্ভব হয়নি। এখন একটি ইউনিটকে আইসিইউ হিসেবে ব্যবহার করা হবে। পরবর্তী সময়ে লোকবল পাওয়া সাপেক্ষে এটি চালু করার চেষ্টা থাকবে।’ আইসিইউ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সব্যসাচী রায় জানান, আইসিইউ ভবন সচল রাখতে ওই ইউনিটের জন্য ১১ জনের লোকবল কাঠামোর অনুমোদন চেয়ে বিগত সরকারের আমলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। ২০১০ সালে বর্তমান অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে এলে বিষয়টি তাঁদের নজরে আনা হয়। সর্বশেষ গত জানুয়ারিতেও আরেক দফা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। জনবল ছাড়া আইসিইউর অস্থায়ী ইউনিট পরিচালনা প্রসঙ্গে ওই চিকিৎসক বলেন, অন্য দপ্তর থেকে তাৎক্ষণিক চিকিৎসক এনে তা পরিচালিত হচ্ছে।