সিলেট-কনিয়া চুক্তি ঐতিহাসিক সম্পর্কের সূচনা করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তুরস্ক ও সুদান সফর করে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান সংবাদ সম্মেলন করে জানান, তুরস্ক সফরের আগে কনিয়া নগরের সঙ্গে সিলেট মহানগরের একটি চুক্তি সম্পাদিত হওয়ায় সিলেটের সঙ্গে ঐতিহাসিক একটি সম্পর্কের শুভ সূচনা হয়েছে।গতকাল সোমবার সিলেট নগরের গুলশান সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র সম্প্রতি রাষ্ট্রীয়ভাবে দুই দেশ সফরের অভিজ্ঞতা বর্ণনা করেন।সংবাদ সম্মেলনে মেয়র কামরান ১২ এপ্রিল তুরস্কের কনিয়া নগরের সঙ্গে সম্পাদিত চুক্তি সম্পর্কে বলেন, ‘সিলেটে হজরত শাহজালাল (রহ.) আমাদের আধ্যাত্মিক প্রেরণার উৎস, আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সিলেট তাঁর ভাবমূর্তির বদৌলতেই দেশে-বিদেশে পুণ্যভূমির মর্যাদায় আসীন। এরই সুবাদে তুরস্কে রাষ্ট্রীয় সফর ও চুক্তি সম্পাদিত হলো। হজরত শাহজালালের (রহ.) কর্মভূমি সিলেট ও জন্মভূমি তুরস্কের কনিয়ার মধ্যে চুক্তির মাধ্যমে সিলেট-কনিয়া তথা তুরস্কের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কে আরেকটি মাত্রা যোগ হলো।’