সিলেট কারাগারে হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর
সিলেট কেন্দ্রীয় কারাগারে মাকু রবি দাস (৪৭) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে তাঁর ফাঁসি কার্যকর হয়। এ সময় জেলা ও কারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফাঁসি কার্যকর হওয়া মাকু রবি দাসের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দারাগাঁওয়ে। ২০০১ সালের ৩১ অক্টোবর রাতে প্রতিবেশী নাইনকা রবি দাসকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন মাকু রবি দাস। এ ঘটনায় করা মামলায় ২০০৩ সালের ৯ সেপ্টেম্বর হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
সিলেটের জ্যেষ্ঠ জেল সুপার মো. ছগির মিয়া ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করে গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলেন মাকু রবি দাস। কিন্তু উচ্চ আদালত রায় বহাল রাখেন। সর্বশেষ মাকু রবি দাস রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানালেও তা নামঞ্জুর হয়।
জেল সুপার বলেন, গত ১২ মে কারা অধিদপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁসি কার্যকরের আদেশ দেয়। কিন্তু পবিত্র রমজান মাসের কারণে ফাঁসি কার্যকর করা যায়নি।