সিলেট-কুলাউড়া রেলপথ পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা
বাংলাদেশ রেলওয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত রোববার সিলেট-কুলাউড়া রেলপথে ট্রেন চলাচল ও স্টেশনগুলোর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন। কুলাউড়া জংশন স্টেশনের বিভিন্ন সমস্যার বিষয়ে পরিদর্শকের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেলওয়ের পরিদর্শক মো. আনোয়ারুল কবিরের নেতৃত্বে একটি দল রোববার সকালে সিলেটের ছাতকবাজার স্টেশন থেকে পরিদর্শন শুরু করে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা কুলাউড়া জংশন স্টেশনে পৌঁছায়। এ সময় অন্যান্যের মধ্যে রেলওয়ের মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) ইউসুফ আলী মৃধা, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) হাবিবুর রহমান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।পরিদর্শক স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে জানান, ট্রেন চলাচল ও রেলস্টেশনগুলোর সার্বিক কার্যক্রম দেখতে তাঁরা এসেছেন। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁরা একটি প্রতিবেদন দেবেন।একপর্যায়ে আওয়ামী লীগের কুলাউড়া উপজেলা কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শফিউল আলম কুলাউড়া জংশন রেলস্টেশনের বিরাজমান বিভিন্ন সমস্যার বিষয়ে সরকারি পরিদর্শকের কাছে একটি লিখিত অভিযোগ তুলে দেন।অভিযোগে কালোবাজারে টিকিট বিক্রি, ট্রেন চলাচলে অনিয়ম, ট্রেনে অবৈধ মালামাল পরিবহনে সহায়তা, স্টেশন চত্বরে মাদকসেবীদের আড্ডা, বিশ্রামাগার বন্ধ করে অন্য কার্যালয় স্থাপন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ বাসা বহিরাগতদের কাছে অবৈধভাবে ভাড়া দেওয়াসহ আরও কিছু সমস্যার কথা উল্লেখ করা হয়।