সিলেটের খাদিমনগরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এটিআই) গত রোববার প্রশিক্ষণার্থী দুই পক্ষের সংঘর্ষের পর গতকাল সোমবার আবার উত্তেজনা সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে। গতকাল দুপুরে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে।এটিআই প্রশাসন সূত্র জানায়, গত রোববার আবাসিক হলের বাসিন্দা কয়েকজন প্রশিক্ষণার্থী ডাইনিংয়ে দুপুরের খাবার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এর জের ধরে বিকেল সাড়ে চারটায় এটিআইয়ের সপ্তম ও পঞ্চম পর্বের শিক্ষার্থীরা ক্যাম্পাসে হাতাহাতি করে একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। লাঠিসোঁটা নিয়ে সপ্তম পর্বের শিক্ষার্থীরা পঞ্চম পর্বের শিক্ষার্থীদের ওপর হামলা করলে পঞ্চম পর্বের সাতজন ও সপ্তম পর্বের তিনজন আহত হন। এর মধ্যে পঞ্চম পর্বের টিটু পাল (১৯) ও হায়াতুল ইসলামকে (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং জুয়েল আহমদ (১৮) নামের আরেক শিক্ষার্থীকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ছাত্ররা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর রাতে ছাত্রাবাসের একটি কক্ষ থেকে পুলিশ দা, রামদা ও হকিস্টিক উদ্ধার করে। গতকাল সকালে দুই পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। অধ্যক্ষের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতির কারণে ইনস্টিটিউটের সব ক্লাস, প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে প্রশিক্ষণার্থীদের ছাত্রাবাস ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।যোগাযোগ করলে অধ্যক্ষ মোহাম্মদ হানিফা জানান, সংঘর্ষে প্রশিক্ষকসহ নয়জন প্রশিক্ষণার্থী আহত হয়েছেন। ঘটনা তদন্তে একটি কমিটি হয়েছে এবং সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এটিআই কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিচ্ছে। সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান জানান, ছাত্রাবাসের ডাইনিংয়ের খাবার নিয়ে মূলত সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। ক্যাম্পাস পরিস্থিতি নজরে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।