সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কক্ষ-সংকটে পাঠদান ব্যাহত
কক্ষ-সংকটে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুটি একাডেমিক ভবনের নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। বার বার সময় দিয়ে ব্যর্থ হচ্ছে ভবন দুটি নির্মাণের দায়িত্বে থাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা নামে আরও একটি অনুষদ চালু করা হচ্ছে। এ অনুষদে ছাত্রছাত্রীও ভর্তি করা হয়েছে। এখানে রয়েছে আরও তিনটি অনুষদ। সব অনুষদের ক্লাস ও পরীক্ষা হয় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের চারতলা ভবনে। ওই ভবনে কৃষি অনুষদ এবং মাত্স্য বিজ্ঞান অনুষদের একটি করে শ্রেণীকক্ষ রয়েছে। কোনো পরীক্ষাগার নেই। এ দুই অনুষদে দুটি করে ব্যাচ থাকায় শিক্ষার্থীদের দুই পালায় ক্লাস করতে হয়। পরীক্ষা চলাকালীন কক্ষের অভাবে পাঠদান বন্ধ থাকে।ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ ভবনে নতুন শিক্ষাবর্ষের চার অনুষদের শিক্ষার্থীদের জন্য কোনো শ্রেণীকক্ষ নেই। এ অবস্থায় ভবন দুটি বুঝে না পেলেও নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষা্রপ্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ডিসেম্বর মাসে একাডেমিক ভবন-১-এর কাজ শুরু হয় এবং ২০০৮ সালের জুন মাসে একাডেমিক ভবন-২-এর কাজ শুরু হয়। ভবন দুটির নির্মাণকাজের মেয়াদ ছিল ১৮ মাস। একাডেমিক ভবন-১-এর নির্মাণকাজের মেয়াদ ছয় মাস আগে এবং গত বছর ডিসেম্বরে একাডেমিক ভবন-২-এর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়।উপাচার্য মো. আবদুল আউয়াল জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বার বার সময় নিয়েও ভবন বুঝিয়ে দিতে ব্যর্থ হয়েছে।